কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তুলে দেওয়ার পক্ষে নন বলে স্পষ্ট জানিয়েছেন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তিনি বলেছেন, এআই প্রযুক্তিকে অবশ্যই গণতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।
বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘না, আমি বিশ্বাস করি না যে এআই ব্যবস্থার কাছে মানুষের স্বাধীন ইচ্ছাশক্তি সমর্পণ করা উচিত। আমি এমনটা সমর্থন করি বলে দাবি করাটা সম্পূর্ণ অযৌক্তিক।’
এআই ব্যবস্থাকে কতটা স্বায়ত্তশাসন দেওয়া উচিত, তা নিয়ে প্রযুক্তি খাতের নেতাদের মধ্যে মতবিরোধের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার ধারণাকে স্বৈরশাসনের পক্ষে দেওয়া ঐতিহাসিক যুক্তির সঙ্গে তুলনা করেন আমোদেই। তিনি বলেন, ‘দক্ষতা কিংবা নিরাপত্তার বেদিতে কখনোই বৈধতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার বিসর্জন দেওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘আমি যদি এসব ধারণাকে ভালো মনে করতাম, তাহলে প্রকাশ্যেই তার পক্ষে কথা বলতাম।’ বরং এআইয়ের হাতে শাসনব্যবস্থার দায়িত্ব তুলে দেওয়াকে তিনি ভয়াবহ ধারণা বলে মনে করেন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে অ্যানথ্রপিকের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়, প্রতিষ্ঠানের কিছু কর্মী মনে করেন, এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে গেলে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এআইয়ের হাতে দেওয়া যেতে পারে।
তবে আমোদেইর দাবি, প্রতিবেদনে মানুষের স্বায়ত্তশাসন বিসর্জন দেওয়ার বিষয়টির সঙ্গে এআইকে নির্দিষ্ট কিছু কাজে ব্যবহারের বিষয়টি গুলিয়ে ফেলা হয়েছে। গাড়ি চালানো, ক্যানসারের চিকিৎসা উদ্ভাবন কিংবা সফটওয়্যার তৈরির মতো কাজে এআইয়ের ব্যবহার এর উদাহরণ।
স্বয়ংক্রিয় প্রযুক্তির অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সম্ভাবনার কথা স্বীকার করলেও এআইকে নিজে থেকেই আরও শক্তিশালী এআই মডেল তৈরির সুযোগ দেওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন তিনি। প্রযুক্তির এই প্রক্রিয়াকে বলা হয় ‘রিকার্সিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’। এতে এআই ক্রমাগত নিজের সক্ষমতা বাড়াতে পারে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



-b54b00.jpg)
