ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্মস বিশ্বজুড়ে হাজার হাজার কর্মীকে ছাঁটাইয়ের বিষয়ে অবহিত করতে শুরু করেছে। এতে করে প্রযুক্তি খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মেটা।
ভোর ৪টায় ছাঁটাইয়ের ইমেল পান মেটার কর্মীরা। মেটা তাদের ৮,০০০ কর্মীকে চাকরি ছাঁটাইয়ের বিষয়ে সতর্ক করা শুরু করেছে এবং ৭,০০০ জনকে নতুন এআই-চালিত দলে পুনর্বন্টন করেছে।
কোম্পানির পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের এই সর্বশেষ দফায় বিশেষ করে মেটার ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট টিমগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করা হচ্ছে এবং বছরের শেষের দিকে আরও কর্মী ছাঁটাই হতে পারে।
সাম্প্রতিক এক পদক্ষেপে প্রতিষ্ঠানটি প্রথমে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়, এরপর অল্প সময়ের মধ্যেই শুরু হয় কর্মী ছাঁটাই প্রক্রিয়া। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই সিদ্ধান্তের আওতায় প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই কার্যক্রমের সূচনা হয় মেটার সিঙ্গাপুর অফিস থেকে। স্থানীয় সময় ভোরে কর্মীদের কাছে ছাঁটাই-সংক্রান্ত ইমেইল পাঠানো হয়। পরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অফিসেও একই ধরনের বার্তা পাঠানো হয়। অনেক কর্মীর দাবি, বাড়ি থেকে কাজের নির্দেশনার পরই এই প্রক্রিয়া শুরু হয়।
তবে একই সময়ে নতুন করে প্রায় ৭ হাজার কর্মী নিয়োগের বিষয়টিও ব্যাপক আলোচনা তৈরি করেছে। নতুন নিয়োগ পাওয়া কর্মীদের বেশিরভাগকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টিমে যুক্ত করা হয়েছে। এসব টিম মূলত নতুন এআই প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং এআইভিত্তিক পণ্য উন্নয়নের কাজে যুক্ত থাকবে।
জানা গেছে, এই সিদ্ধান্ত মেটার দীর্ঘমেয়াদি কৌশলগত পরিবর্তনের অংশ। প্রতিষ্ঠানটি এখন এআইকে কেন্দ্র করে নিজেদের কার্যক্রম নতুনভাবে সাজাচ্ছে। এর আওতায় কম প্রয়োজনীয় পদ কমিয়ে ছোট ও দ্রুতগতির টিম তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কাজের গতি ও জবাবদিহিতা বাড়ানো যায়।
এদিকে কোম্পানির বড় আকারের এআই বিনিয়োগ পরিকল্পনাও এর সঙ্গে যুক্ত। মেটা ইতোমধ্যে এআই অবকাঠামো, ডেটা সেন্টার ও নতুন প্রযুক্তি উন্নয়নে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

