আইফোনের ২০ বছর পূর্তিতে নতুনত্ব, জানা গেল কাচনির্ভর ডিজাইনের তথ্য

আইফোনের ২০ বছর পূর্তিতে নতুনত্ব, জানা গেল কাচনির্ভর ডিজাইনের তথ্য

আইফোন বাজারে আসার ২০ বছর পূর্তি উপলক্ষে অ্যাপল বড় ধরনের চমক আনছে না—এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান। তার দাবি, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের জন্য বিশেষ কাঁচ-প্রধান নকশা নিয়ে কাজ করছে অ্যাপল।

বিজ্ঞাপন

এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি জানিয়েছিলেন, ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাচের আইফোন তৈরির পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে গুরম্যানের তথ্য অনুযায়ী, সেই পরিকল্পনা পুরোপুরি পরিত্যক্ত হয়নি। বরং সম্পূর্ণ কাচের পরিবর্তে কাচকে প্রাধান্য দেওয়া একটি নতুন নকশা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাচের স্তর থাকবে, যা ডিভাইসের পাশের প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে। কাচের দুই অংশের মাঝখানে থাকবে সরু ধাতব রিং বা ব্যান্ড। এর ফলে বর্তমান আইফোনের তুলনায় ফোনটির বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অ্যাপলের অভ্যন্তরীণভাবে ডিভাইস দুটির কোডনেম ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ বলে জানা গেছে।

গুরম্যান জানান, একেবারে পুরো কাচের আইফোন তৈরির উচ্চাভিলাষী ধারণাটি নকশা তৈরির প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়েছিল। তবে কাচনির্ভর নতুন ডিজাইনের পরিকল্পনাটি এখনো চালু রয়েছে।

২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচনের পর ২০২৭ সালে ডিভাইসটির দুই দশক পূর্ণ হবে। এই বিশেষ উপলক্ষে আইফোনে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনার প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে গত কয়েক বছরের মধ্যে এটিই হতে পারে আইফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বাহ্যিক পরিবর্তন। এতে প্রচলিত ধাতব ফ্রেমের ব্যবহার কমিয়ে বাঁকানো কাচের ব্যবহার বাড়ানো হতে পারে।

তবে ২০২৭ সালের আইফোনের নকশা বা এ-সংক্রান্ত পরিকল্পনা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন