সময়ের বিবর্তনে প্রযুক্তিজগতে অভাবনীয় অগ্রগতি হয়েছে, যা মানবজীবনকে করেছে সহজতর এবং অনেক কিছুকে এনে দিয়েছে হাতের নাগালে। বর্তমান সময়ে ফেসবুক বা টিকটক ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মোবাইল খুললেই চোখে পড়ে নানা ধরনের ভিডিও এবং ছন্দময় কনটেন্ট।
অনেকেই এখন মোবাইল বা সাধারণ ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেন। কিন্তু ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা অধিকাংশ ভিডিওর মান যথাযথ হয় না বলে দর্শকরা তা দেখে তৃপ্তি পান না। অনেক ক্ষেত্রে নিম্নমানের ভিডিও চোখের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওকে আরো উন্নত, আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর করতে বাজারে এসেছে ড্রোন ক্যামেরা, যা মুহূর্তেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। মানুষ সবসময় উন্নতমানের জিনিস পছন্দ করে, তাই যুগের চাহিদা অনুযায়ী চলাই বুদ্ধিমানের কাজ। বর্তমানে যারা ফেসবুক কনটেন্ট এবং চমৎকার সব ছবি নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য ড্রোন ক্যামেরা হতে পারে একটি বৈপ্লবিক পদক্ষেপ। ক্যামেরার জগতে সবচেয়ে শক্তিশালী এবং আকর্ষণীয় প্রযুক্তি হলো এই ড্রোন। একে বলা যেতে পারে ‘চালকবিহীন মিনি আকাশযান’। এতে কোনো পাইলট থাকে না; নিচ থেকে রিমোট বা ডিভাইসের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে বিভিন্ন শিল্প ক্ষেত্রে ড্রোনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো উপর থেকে পর্যবেক্ষণ করে বিশাল এলাকা নজরদারির আওতায় রাখা। সাধারণ ক্যামেরায় দূরবর্তী দৃশ্য স্পষ্টভাবে ধারণ করা সম্ভব হয় না, যেখানে ড্রোন অনায়াসেই এক সীমান্ত থেকে অন্য সীমান্তে দ্রুত নজরদারি চালাতে পারে।
এমন অনেক দুর্গম এলাকা আছে, যেখানে মানুষের চলাচল কঠিন বা ঝুঁকিপূর্ণ; যেমন গহিন বন, পাহাড়-পর্বত কিংবা উত্তাল সমুদ্র। ড্রোন ক্যামেরা সেসব প্রতিকূল জায়গার ভিডিও ধারণ করে আপনার হাতের নাগালে এনে দেয়। সীমান্তরক্ষীদের জন্য এটি এক আশীর্বাদস্বরূপ। শত্রুপক্ষকে চিহ্নিত করতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন নিখুঁতভাবে কাজ করে। এটি খুব অল্প সময়ে বিশাল এলাকা ক্যামেরাবন্দি করতে পারে, যা সময় বাঁচানোর পাশাপাশি ভিডিওর মানকেও চমৎকার করে তোলে। ড্রোন ওড়ার সময় সরাসরি লাইভ ভিডিও পাঠাতে সক্ষম, ফলে নিরাপত্তা দল তাৎক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। উদাহরণস্বরূপ, কোনো বড় জনসমাবেশে ড্রোন দ্রুত লাইভ চিত্র নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে পারে, যা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পুরোনো নজরদারি পদ্ধতি, যেমন হেলিকপ্টার ব্যবহার করা বা অসংখ্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল। সেই তুলনায় ড্রোন অনেক সাশ্রয়ী। এতে জ্বালানি খরচ ও জনবল কম লাগে এবং এর রক্ষণাবেক্ষণও সহজ। এ কারণেই বর্তমানে বিভিন্ন দেশের সরকার ও বড় বড় প্রতিষ্ঠান ড্রোনের দিকে ঝুঁকছে। আধুনিক ড্রোনে এমন প্রযুক্তি রয়েছে, যা দিন ও রাত উভয় সময়েই সমানভাবে কার্যকর। কিছু ড্রোনে থার্মাল ক্যামেরা থাকে, যা তাপ শনাক্ত করতে পারে, ফলে ঘন অন্ধকারেও মানুষ বা বস্তুর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি মুহূর্তে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। ড্রোন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতির চিত্র তুলে ধরতে পারে। যেমন : বনের অগ্নিকাণ্ড কোনদিকে ছড়িয়ে পড়ছে, তা ড্রোন থেকে দেখে উদ্ধারকারী দল দ্রুত পরিকল্পনা করতে পারে। শুধু ভিডিও ধারণই নয়, বিভিন্ন সেন্সরের মাধ্যমে ড্রোন ট্রাফিক পরিস্থিতি, দূষণের মাত্রা কিংবা বন্যপ্রাণীর চলাচলের মতো গুরুত্বপূর্ণ তথ্যও সংগ্রহ করতে পারে। উপসংহার ড্রোন এখন আর শুধু খেলনা বা সাধারণ গ্যাজেট নয়; এটি নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি অপরিহার্য প্রযুক্তি। বিশাল এলাকা পর্যবেক্ষণ, নৈশকালীন কার্যক্ষমতা, খরচ কমানো এবং জরুরি পরিস্থিতিতে সহায়তার মতো নানা সুবিধার কারণে নজরদারির ক্ষেত্রে ড্রোন অত্যন্ত কার্যকর। প্রযুক্তি যত উন্নত হবে, মানুষের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় ড্রোন তত বড় ভূমিকা রাখবে। তাই বলা যায়, নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা ভবিষ্যতের একটি বুদ্ধিমান ও দূরদর্শী সমাধান। ড্রোন বর্তমান যুগের অন্যতম সেরা আবিষ্কার, যা আমরা আজ প্রয়োজন এবং নিরাপত্তা উভয় ক্ষেত্রেই ব্যবহার করছি। তবে এর সবচেয়ে ব্যাপক ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে। বর্তমানে প্রতিপক্ষের ওপর হামলার ছক তৈরি থেকে শুরু করে সরাসরি আক্রমণ পরিচালনা পর্যন্ত সবকিছুই ড্রোনের মাধ্যমে হচ্ছে। এছাড়া হলিউড বা বলিউডের সিনেমার দুর্ধর্ষ সব স্ট্যান্ট বা নান্দনিক দৃশ্য ধারণে ড্রোনের ব্যবহার এখন অপরিহার্য।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

