তথ্য সংগ্রহে ৫০০ বিশেষ গাড়ি নামাচ্ছে উবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

তথ্য সংগ্রহে ৫০০ বিশেষ গাড়ি নামাচ্ছে উবার

স্বচালিত গাড়ির প্রযুক্তি উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে উবার। চলতি বছর বিশ্বের বিভিন্ন সড়কে ৫০০ বিশেষ তথ্যসংগ্রহকারী গাড়ি নামানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

উবার জানিয়েছে, এসব গাড়ি বাস্তব সড়কের তথ্য সংগ্রহ করবে। পরে সেই তথ্য ব্যবহার করবে স্বচালিত গাড়ি প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান।

এ জন্য উবার একটি বিশেষ সংস্করণের হুন্দাই আইওনিক ৫ বৈদ্যুতিক গাড়ি তৈরি করেছে। গাড়িগুলোর ছাদ ও পাশে বসানো হয়েছে বিপুলসংখ্যক সেন্সর।

প্রতিটি গাড়িতে থাকবে ১৪টি ক্যামেরা, ৮টি লিডার সেন্সর এবং ৯টি রাডার। এসব যন্ত্রের মাধ্যমে সড়ক, যানবাহন, পথচারী ও আশপাশের পরিবেশের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

উবারের দাবি, এই বহর প্রতি মাসে প্রায় ২০ লাখ মাইল পথচলার তথ্য সংগ্রহ করতে পারবে। আগামী গ্রীষ্মের মধ্যে অন্তত ৫০টি গাড়ি সড়কে নামানোর লক্ষ্য রয়েছে কোম্পানিটির।

সংগৃহীত তথ্য শুধু সংরক্ষণই করা হবে না। সেগুলো বিশ্লেষণ করে স্বচালিত গাড়ির সফটওয়্যার প্রশিক্ষণেও ব্যবহার করা হবে। এতে রোবোট্যাক্সি প্রযুক্তি আরও উন্নত ও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে আশা করছে উবার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় স্বচালিত গাড়ি-সংক্রান্ত ডেটাবেস তৈরি করা। যাতে বিভিন্ন দেশ, শহর ও পরিবেশের বাস্তব অভিজ্ঞতা যুক্ত থাকবে।

উবারের স্বচালিত যানবাহন অংশীদারদের মধ্যে রয়েছে ওয়েমো, উইরাইড ও অ্যাভরাইডের মতো প্রতিষ্ঠান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন