ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটগুলো কীভাবে সাড়া দেবে তা প্রভাবিত করতে একটি ভুয়া থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে ইসরাইল। হ্যানোভার ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি’ নামের এই প্রতিষ্ঠানটি ইসরাইল ও ফিলিস্তিন বিষয়ক মার্কিন ধাঁচের গবেষণাধর্মী সংস্থা হিসেবে পরিচয় দেয়। ইসরাইলি সরকারের বিজ্ঞাপন সংস্থার পক্ষ থেকে ‘পিরো ইনক’ নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে।
ডিসইনফরমেশন ও গবেষণা সাময়িকী ‘রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সংস্থাটি গত ৬ আগস্ট থেকে ১০০টিরও বেশি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ‘১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির কারণ কী ছিল?’ এবং ‘গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি কী?’-এর মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে।
এআই চ্যাটবট ও এলএলএম (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস) মডেলগুলোর কাছে বিষয়বস্তু গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রতিবেদনগুলোতে পাদটীকা, সূচিপত্র, সুনির্দিষ্ট পরিসংখ্যান এবং নিরপেক্ষ ভাষা ব্যবহার করা হয়েছে।
প্রতিষ্ঠানটির গবেষণাগুলো পিয়ার-রিভিউড ও একাডেমিক বলে দাবি করা হলেও, এতে ইসরাইলি সামরিক বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি উৎসগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ইসরাইল সরকার এই কাজের জন্য পিরো ইনক-কে ৯ লাখ ডলার প্রদান করেছে। ফরাসি জনসংযোগ প্রতিষ্ঠান ‘হাভাস মিডিয়া’-র মাধ্যমে এই উপ-চুক্তিটি পরিচালিত হয়।
সূত্র: ডেইলি সাবাহ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


