অনলাইন জুয়া : প্রযুক্তির আড়ালে অপরাধ

সানোয়ার হোসেন (শান্ত)

অনলাইন জুয়া : প্রযুক্তির আড়ালে অপরাধ

স্মার্টফোন ও ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই সুবিধার আড়ালেই নীরবে বিস্তার লাভ করছে একটি ভয়ংকর প্রবণতা অনলাইন জুয়া। একসময় জুয়া ছিল নির্দিষ্ট কিছু স্থানের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এখন তা চলে এসেছে মানুষের হাতের মুঠোয়। ফলে খুব সহজেই, কোনো বাধা ছাড়াই, যে কেউ এই ফাঁদে পা দিতে পারে।

শুধু শহরের অভিজাত শ্রেণি নয়, অনলাইন জুয়ার বিস্তার এখন ছুঁয়ে গেছে সমাজের প্রান্তিক স্তরকেও। ফুটপাতের চায়ের দোকান থেকে সেলুন, রাস্তার হকার থেকে বাস-ট্রাকের চালক-হেলপার, সিএনজিচালক, নির্মাণশ্রমিক, গৃহকর্মী কিংবা রিকশাচালকÑদিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর মাঝেও ঢুকে পড়েছে জুয়ার সংস্কৃতি।

বিজ্ঞাপন

বিশেষ করে, তরুণ সমাজ, যারা প্রযুক্তির সবচেয়ে বেশি ব্যবহারকারী, তারা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এই ঝুঁকির ভয়াবহতা এখন আর তাত্ত্বিক নয়Ñএটি বাস্তব ও নির্মম। দিনাজপুরে গত ২১ এপ্রিল অনলাইন জুয়ার দেনা মেটাতে ৭৫ বছর বয়সি দাদিকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে নাতিসহ তিনজন। পরদিন ২২ এপ্রিল তাদের গ্রেপ্তার করা হয়। ২৩ এপ্রিল ঢাকার ধামরাইয়ে অনলাইন জুয়ার টাকার লোভে এসএসসি পরীক্ষার্থী নাহিদা আক্তারকে (১৬) নৃশংসভাবে হত্যা করা হয়; এ ঘটনায় শামীম ওরফে স্বপন (৩৬) গ্রেপ্তার হয়।

এর আগে ১৩ এপ্রিল রাজধানীর কলাবাগানে অনলাইন জুয়ায় আসক্ত এক শিক্ষার্থী মো. ফয়সাল মাহমুদ (২১) আত্মহত্যা করেন। দেশজুড়ে এমন ঘটনা এখন অহরহ। এগুলো আর বিচ্ছিন্ন নয়; বরং এক গভীর সামাজিক সংকটের প্রতিফলন। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’Ñএবার যেন তা ডিজিটাল বাস্তবতায় রূপ নিচ্ছে।

সহজ লাভের মায়াজাল

অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করা হয়, যাতে ব্যবহারকারী খুব সহজেই আকৃষ্ট হয়। ‘কম বিনিয়োগে বেশি লাভ’Ñএ ধারণা কেন্দ্র করে পুরো সিস্টেমটি সাজানো হয়। শুরুতে ব্যবহারকারীকে ছোটখাটো জয়ের অভিজ্ঞতা দেওয়া হয়, যাতে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। কিন্তু এই আত্মবিশ্বাসই ধীরে ধীরে তাকে বড় ঝুঁকির দিকে ঠেলে দেয়। ক্ষতির পরিমাণ বাড়তে থাকলেও ব্যবহারকারী বিশ্বাস করেÑ‘এবার জিতব।’ এই মনস্তাত্ত্বিক ফাঁদই তাকে ক্রমাগত গভীরে টেনে নেয়, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

মানসিক নিয়ন্ত্রণ ও আসক্তির প্রযুক্তি

অনলাইন জুয়া শুধু ভাগ্যের খেলা নয়; এটি মানুষের মস্তিষ্ককে লক্ষ করে ডিজাইন করা একটি প্রযুক্তিনির্ভর ব্যবস্থা। প্রতিটি জেতা বা হারার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা উত্তেজনা তৈরি করে। এই উত্তেজনা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়, তারপর আসক্তিতে। ব্যবহারকারী বুঝতেই পারে না কখন এটি তার চিন্তা, সময় এবং মনোযোগকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। বাস্তব জীবনের দায়িত্বগুলো তখন পিছিয়ে পড়ে।

হাতের মুঠোয় ক্যাসিনো

স্মার্টফোন, অ্যাপ এবং মোবাইল ব্যাংকিং অনলাইন জুয়ার বিস্তারকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখন আর নির্দিষ্ট জায়গায় যাওয়ার প্রয়োজন নেইÑঘরে বসেই ২৪ ঘণ্টা জুয়ার সুযোগ। এই সহজলভ্যতা মানুষকে নিয়ন্ত্রণহীন ব্যবহারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে, তরুণরা, যারা প্রযুক্তির সঙ্গে বেশি সম্পৃক্ত, তারা খুব দ্রুত এই ফাঁদে জড়িয়ে পড়ছে।

অর্থনৈতিক ধ্বংসের চক্র

অনলাইন জুয়ার ফলে হাজার হাজার মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই প্রথমে অল্প টাকা দিয়ে শুরু করলেও পরে বড় অঙ্কের অর্থ হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। নিম্ন আয়ের মানুষÑচা দোকানি, রিকশাচালক, নির্মাণশ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাজি ধরে এবং ধীরে ধীরে সর্বস্ব হারায়। এই ক্ষতি শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো পরিবারের ওপর প্রভাব ফেলে।

সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা

অনলাইন জুয়ার সঙ্গে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, অপরাধও জড়িয়ে পড়ছে। টাকার লোভে চুরি, ছিনতাই এমনকি হত্যার মতো ভয়াবহ অপরাধ ঘটছে। পরিবারে অশান্তি, সম্পর্কের অবনতি এবং সামাজিক অস্থিরতা বাড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে এটি একটি বড় সামাজিক বিপর্যয়ে রূপ নিতে পারে।

প্রতারণা, অ্যালগরিদম ও নিয়ন্ত্রণ

অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো উন্নত অ্যালগরিদম ব্যবহার করে। ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে তাকে বারবার খেলায় ফিরিয়ে আনা হয়। অনেক প্ল্যাটফর্মই ভুয়া বা নিয়ন্ত্রিত। ব্যবহারকারীরা টাকা জমা দিলেও তা তুলতে পারে না। ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকিও থাকে। ফলে এটি এক ধরনের প্রযুক্তিনির্ভর প্রতারণা ব্যবস্থায় পরিণত হয়েছে।

তারকা প্রচারণা ও সামাজিক প্রভাব

গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকা, খেলোয়াড় ও পাবলিক ফিগার অনলাইন জুয়ার প্রচারণায় যুক্ত হচ্ছেন।

এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা, এটিকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হিসেবে ভাবতে শুরু করছে। ফলে সমস্যা আরো দ্রুত ছড়িয়ে পড়ছে।

আইন ও নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা

বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ হলেও অনলাইন প্ল্যাটফর্মগুলো বিদেশ থেকে পরিচালিত হওয়ায় এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

ভিপিএন, এনক্রিপশন ও ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহারের কারণে এই কার্যক্রম শনাক্ত করা জটিল হয়ে যায়। ফলে আইন প্রয়োগে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

প্রযুক্তিনির্ভর কঠোর ব্যবস্থা জরুরি

এই নীরব মহামারি মোকাবিলায় এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। শুধু সচেতনতা নয়, প্রযুক্তিনির্ভর শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশে একটি বিশেষায়িত সাইবার ইউনিট গঠন করা জরুরি, যারা অনলাইন জুয়ার ওয়েবসাইট, অ্যাপ ও নেটওয়ার্ক শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ব্লক করতে সক্ষম হবে। এই ইউনিটকে আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে শক্তিশালী করতে হবে। যেসব ওয়েবসাইট, অ্যাপ ও প্রতিষ্ঠান এই কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু ব্লক করাই যথেষ্ট নয়Ñআইন প্রয়োগের মাধ্যমে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। কোনো পাবলিক ফিগারÑনায়ক-নায়িকা, খেলোয়াড় বা ইনফ্লুয়েন্সার, যদি অনলাইন জুয়ার প্রচারণায় যুক্ত হন, তবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কারণ তাদের প্রভাব সাধারণ মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। গণমাধ্যম, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণা চালানো জরুরি। বাস্তব ঘটনা, ক্ষতির চিত্র এবং ভুক্তভোগীদের অভিজ্ঞতা তুলে ধরলে মানুষ আরো দ্রুত সচেতন হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে সন্দেহজনক লেনদেন সহজে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়। ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো এই ক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ক্ষতিকর ওয়েবসাইট ব্লক ও ফিল্টারিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, যাতে সাধারণ ব্যবহারকারী সহজে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল সচেতনতা ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে কার্যক্রম চালু করা প্রয়োজন, যাতে তরুণ প্রজন্ম শুরু থেকেই এ বিষয়ে সতর্ক হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন ও প্রমোশন শনাক্ত করে দ্রুত অপসারণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে পরিবারভিত্তিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া আসক্ত ব্যক্তিদের জন্য কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থাও গড়ে তোলা জরুরি, যাতে তারা সহজে এই চক্র থেকে বের হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...