বরিশালের বাকেরগঞ্জে এক বিএনপি নেতা ও পৌরসভার হিসাবরক্ষকের জুয়ার আসরে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে থাকা বিএনপি নেতার নাম ওবায়দুল ইসলাম মাহি। তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার সঙ্গে পৌরসভার হিসাবরক্ষক ইফতেখার উদ্দিনকেও দেখা গেছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, বাকেরগঞ্জ পৌরসভার পাশে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহির একটি গোপন আস্তানায় তার নেতৃত্বে প্রতিদিন রাতে জুয়ার আসর বসে। এতে রাজনৈতিক নেতা, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে সেখানে জুয়ার আসর চলে আসছে বলেও অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়ার আসরের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি স্থানে তাস দিয়ে জুয়া খেলা চলছে। একটি ব্যানার বিছিয়ে তার ওপর টাকা রাখা হয়েছে। ভিডিওতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক ইফতেখার উদ্দিনকে জুয়ায় জিতে হাতে টাকা নিয়ে চুমু খেতে দেখা যায় বলে দাবি করা হয়েছে।
তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক ইফতেখার উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি ‘কুচক্রী মহল’ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি জুয়া খেলার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, বিএনপি নেতার জুয়ার আসরের ভাইরাল ভিডিওটি তিনি এখনো দেখেননি। তবে এলাকায় জুয়া বন্ধে পুলিশের মনিটরিং রয়েছে।
ভিডিওটি যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

