প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল চলছে। এই সময়ে প্রচুর দেশি ফল পাওয়া যায়। কড়া রোদ আর তীব্র গরম পড়েছে। এই গরমে তৃষ্ণা মেটাতে ও প্রাণ জুড়াতে এক গ্লাস ঠান্ডা শরবত, ঠান্ডা চা কিংবা বাসায় বানানো আইসক্রিম হতে পারে দারুণ উপায়! তৃষ্ণার্ত কেউ ঠান্ডা পানীয় চাইলে যেন ঝটপট পরিবেশন করা যায় মজাদার শরবত।
পুদিনা-কাঁচা আমের শরবত
উপকরণ
কাঁচা আম ৩টি, পুদিনা পাতা ১ কাপ, চিনি ৪ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, বরফ কুচি ১ কাপ, কাঁচামরিচ ৩টি ও পানি পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। এবার বরফ কুচি বাদে একে একে সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে মাটির গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন পুদিনা-কাঁচা আমের শরবত।
কাঁচা আমের শরবত
উপকরণ
কাঁচা আম তিন কাপ, ৪ টেবিল চামচ চিনি, পুদিনা পাতাকুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ এক চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ, সামান্য জিরাগুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া।
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটা ব্লেন্ডারে নিয়ে এক গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ভালোভাবে সব ব্লেন্ড করা হয়ে গেলে আরো তিন গ্লাস পানি মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু কাঁচা আমের শরবত।
তরমুজ লেমনেড
উপকরণ
তরমুজ টুকরা করে কাটা ৫ কাপ, সাদা চিনি ৩ টেবিল চামচ, পানি ১ কাপ, ঠান্ডা পানি ৪ কাপ, লেবুর রস আধা কাপ, বরফের টুকরা ৫ কাপ।
প্রস্তুত প্রণালি
একটি ব্লেন্ডারে তরমুজের টুকরাগুলো মসৃণ করে পিউরি করুন। একটি চালনি দিয়ে মিশ্রন ছেঁকে নিন। চিনি এবং এক কাপ পানি একটি সসপ্যানে মাঝারি তাপে ফুটিয়ে নিন, যাতে চিনি পানির সঙ্গে মিশে যায়। মিনিট-পাঁচেক ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা পানি এবং লেবুর রস ও চিনির সিরা একসঙ্গে মেশান। তৈরি হলো লেমনেড।
বরফের টুকরাগুলো ১২টি গ্লাসে ভাগ করুন। বরফের উপর ২ থেকে ৩ টেবিল চামচ তরমুজের পিউরি দিন। তারপর লেমনেড দিয়ে দিন। আলতো করে নেড়ে পরিবেশন করুন।
আনারসের শরবত
উপকরণ
পাকা আনারস ১টি (মাঝারি আকারের), ঠান্ডা পানি ৩ কাপ (আনারসের ঘনত্বের ওপর নির্ভর করে), চিনি ৪ টেবিল চামচ (আনারসের মিষ্টি অনুযায়ী স্বাদমতো), বিট লবণ আধা চা চামচ, বরফ কুচি পরিবেশনের জন্য ১ কাপ।
প্রস্তুত প্রণালি
প্রথমে আনারসের খোসা ছাড়িয়ে চোখের মতো অংশগুলো ভালোভাবে ফেলে দিন। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিন। আনারসের মাঝখানের শক্ত অংশটি বাদ দিতে পারেন। আবার চাইলে সেটিও ব্যবহার করেন। এবার একটি ব্লেন্ডারে আনারসের টুকরোগুলো নিন। এর সঙ্গে ঠান্ডা পানি এবং বরফ বাদে বাকি সব উপকরণ যোগ করুন। ভালোভাবে ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করুন, এতে কোনো দানা যেন না থাকে। ব্লেন্ড করা মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। এতে আনারসের আঁশ বা ছোট টুকরাগুলো আলাদা হয়ে যাবে। পরিবেশনের গ্লাসে কয়েকটি বরফ কুচি দিন। এবার তৈরি করা আনারসের শরবত ঢেলে দিন।
গরমে চাই ঠান্ডা চা
এই গরমে গরম খাবার খেতে ইচ্ছে করছে না। আবার কিছু খেতে ভালোও লাগছে না। ঠান্ডা পানি ও লেবুর শরবত খেয়ে চলেছেন অনবরত। চাপ্রেমীরা ইচ্ছা হলেও গরম চায়ে চুমুক দিতেই ভয় পাচ্ছেন। তাই বলে চা পান না করলে কী চলে! চলুন তাহলে আজ বানিয়ে ফেলি ঠান্ডা ঠান্ডা চা।
আইস টি
উপকরণ
টি ব্যাগ একটি, মধু ২ টেবিল চামচ, পুদিনা পাতা ১০/১২টি, লেবুর রস ৪ চা চামচ, লেবুর স্লাইস ৪টি, বরফ টুকরো ইচ্ছেমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে পানি ভালোভাবে ফুটিয়ে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে নিন। টি পটে মধু ও পুদিনা পাতা মেশান। চা ঠান্ডা হলে পাতা তুলে নিন। চা পটে ঢালুন। এতে বরফ কুচি, লেবুর রস দিয়ে খুব ঠান্ডা করে নিন। কেউ বেশি মিষ্টি পছন্দ করলে এর সঙ্গে সামান্য চিনি মিশিয়ে নিন। পরিবেশনের কাপে চা ঢেলে উপরে লেবুর স্লাইস ও কয়েকটি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
কলার আইসক্রিম
তাপপ্রবাহ ক্রমেই বাড়ছে। এ গরমে দুর্বিষহ কিছুটা স্বস্তি পেতে বাসায় সহজেই বানিয়ে নিতে পারেন কলার আইসক্রিম। অল্প কিছু উপকরণ দিয়েই এটি সহজেই বানানো যায়। পরিবারের ছোট-বড় সবাই আনন্দের সঙ্গে তৃপ্তি করে খাবে।
উপকরণ : বড় সাইজের পাকা কলা ৬টি, মিল্ক পাউডার ১ কাপ বা গরুর দুধ ১ কাপ, চিনি ২ চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে কলার টুকরোগুলো নিয়ে এক থেকে দুই ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।
যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। গুঁড়া দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই। এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন। তার সঙ্গে গুঁড়া দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। গুঁড়া দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করুন। খুব ভালোভাবে মেশাবেন, যেন তার মধ্যে দানা দানা ভাব না থাকে।
এবার কলা আর দুধের মিশ্রণটি একটি ঢাকনাওয়ালা পাত্রে কিংবা আইসক্রিমের মোল্ডে রাখুন। মোল্ডের মুখ আটকে চার-পাঁচ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে মজাদার আইসক্রিম পরিবেশন করুন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

