দুপুরে ছোট মাছের কয়েক পদ

রোজিনা আক্তার

দুপুরে ছোট মাছের কয়েক পদ

কোরবানির ঈদে মাংসের নানা পদ খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। মুখের স্বাদ বদলাতে তাই রান্নার আয়োজনে রাখতে পারেন ভিন্ন স্বাদের ছোট মাছের কয়েকটি পদ। আজ দুপুরের খাবারের মেনু সাজানো হয়েছে ছোট মাছের সুস্বাদু কিছু তরকারি দিয়ে।

মাখা-মাখা ঝোলে ছোট মাছ

বিজ্ঞাপন

উপকরণ : পাঁচমিশালি ছোট মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ফালি ৬টি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনেগুঁড়া আধা চামচ, তেল আধা কাপ, লবণ ও পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কড়াইয়ে সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাছ দিয়ে আলতোভাবে মসলা মাখিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসান। পানি শুকিয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাখা-মাখা ঝোলের সুস্বাদু ছোট মাছের তরকারি।

ছোট মাছের চচ্চড়ি

উপকরণ : যেকোনো ছোট মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ফালি ৬-৮টি, গুঁড়া মরিচ আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটি পাত্রে ছোট মাছ নিয়ে তাতে সব মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর মসলা মাখানো মাছ প্যানে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। মাছ থেকে বের হওয়া পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রাখতে হবে। পানি শুকিয়ে মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধনেপাতা ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ছোট মাছের চচ্চড়ি। সুস্বাদু এই চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

কাজলি মাছের ঝোল

উপকরণ : কাজলি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ ৪-৫টি, টমেটো কুচি ১টি, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ মেখে ১০ মিনিট রেখে দিন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে ২ কাপ পানি দিয়ে ফুটতে দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মাছগুলো হালকা লালচে করে ভেজে নিন। এরপর ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলে দিয়ে দিন। টমেটো কুচি যোগ করুন। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে সামান্য ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাছের ঝোল।

মলা মাছ চচ্চড়ি

উপকরণ : মলা মাছ ৩০০ গ্রাম। পেঁয়াজ কুচি ১ কাপ। কাঁচামরিচ ফালি ৭-৮টি। মরিচ, হলুদ, ধনে গুঁড়া আধা চামচ করে। ধনেপাতা কুচি ১ টেবিল চামচ। তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর রান্নার কড়াইয়ে সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাছ দিয়ে আলতোভাবে মসলা মাখিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসান। পানি শুকিয়ে তরকারি মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মলা মাছের চচ্চড়ি।

ট্যাংরা মাছ

উপকরণ : ট্যাংরা মাছ ৪০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচের কম, জিরা গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৮টি (কিংবা স্বাদমতো), ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও সরিষা তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কড়াইতে মাছ আর ধনেপাতা ছাড়া বাকি উপকরণ ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিতে হবে। এরপর মাছ আর পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচে বসাতে হবে। কয়েকবার সাবধানে নাড়তে হবে। মাছ হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...