আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইফতারের কয়েক পদ

রাবেয়া আক্তার

ইফতারের কয়েক পদ

চলছে সিয়াম সাধনার মাস রমজান। ইফতারে বেশি ভাজা-পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারপরও এসব মুখরোচক খাবার ইফতারের তালিকায় না থাকলে যেন আমাদের চলেই না।

মুচমুচে পেঁয়াজু

বিজ্ঞাপন

উপকরণ : মসুর ডাল ২ কাপ ভেজানো, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ৫/৬টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদগুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

ভিজিয়ে রাখা ডাল পানি ঝরিয়ে ব্লেন্ডারে বা পাটায় আধা ভাঙা করে বেটে নিন। একদম মিহি করবেন না। এবার বাটা ডালের সঙ্গে পেঁয়াজ ও মরিচ কুচি, মসলা ও ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মুচমুচে করতে সামান্য চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। একটি কড়াইতে তেল গরম করে পছন্দমতো আকারে ডুবো তেলে ভাজুন। চুলার আঁচ মাঝারি রেখে উল্টে-পাল্টে লালচে করে ভেজে নিন।

টিপস : দীর্ঘক্ষণ মুচমুচে রাখতে পেঁয়াজ থেকে পানি ঝরিয়ে নিন এবং ভাজার সময় খুব বেশি পেঁয়াজু একসঙ্গে দেবেন না।

কাঁচামরিচ ফ্রাই

উপকরণ : কাঁচামরিচ -১০/১৫টি, বেসন ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

কাঁচামরিচ বোঁটা না ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। একটি বাটিতে তেল বাদে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এবার একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিতে হবে। এবার মিশ্রণে একটি একটি করে মরিচ ডুবিয়ে তেলে দিয়ে দিই। সবগুলো মরিচ হালকা বাদামি করে ভেজে তুলি। তৈরি হয়ে গেল মচমচে কাঁচামরিচ ফ্রাই। এবার সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

টিপস : ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখতে হবে মরিচ পুড়ে যাবে না এবং সুন্দর সুগন্ধ আসবে।

চিকেন শর্মা

উপকরণ

হাড় ছাড়া মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম, তেল ২ টেবিল চামচ, এলাচগুঁড়া ১ চা চামচ, সস ১/২ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, কুচানো ধনেপাতা এক মুঠো, টুকরো করা টমেটো ২টি, লেটুস পাতা ২ কাপ, আদা-রসুন পেস্ট ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কালো গোলমরিচ ১ চা চামচ, অলিভ তেল ২ টেবিল চামচ, পানি ঝরিয়ে নেওয়া টক দই ১ কাপ, পেঁয়াজ কুচি ২টি মাঝারি আকারের, শর্মা ব্রেড, টুকরো করা গাজর ১টি।

প্রস্তুত প্রণালি

মুরগির মাংসের টুকরোগুলো দই, তেল, এলাচ, আদা-রসুন, কালো গোলমরিচের গুঁড়ো, ভিনেগার দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন।

* সস বানানোর জন্য একটি পাত্র নিন। এতে দই, লেবুর রস, অলিভ তেল, ধনেপাতা কুচি, লবণ এবং কালো গোলমরিচ দিন। ভালো করে মিশিয়ে ফ্রিজে রাখুন।

* ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে ওভেনে ৪০ মিনিটের জন্য মেরিনেট করা মাংস বেক করুন। ওভেন না থাকলে ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে মাংসগুলো সোনালি বা বাদামি না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।

* মাংস সেদ্ধ হয়ে এলে একটি পাত্রে রাখুন এবং টুকরো টুকরো করে কেটে নিন। তারপর শর্মা রুটি নিন। রুটির উপর মাংসের কাটা পিসগুলো, গাজর, লেটুসপাতা, পেঁয়াজ ও টমেটো রাখুন। এরপর রুটি রোল করে সসের সঙ্গে পরিবেশন করুন। চিকেন শর্মাকে আরো মজাদার করতে সস বানানোর উপকরণ দইয়ের পরিবর্তে মেয়োনিজ বা পনির যোগ করতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন