বারবার চেষ্টাই মুন্নার সাফল্যের চাবিকাঠি

বারবার চেষ্টাই মুন্নার সাফল্যের চাবিকাঠি
আমিরুল ইসলাম মুন্না

আমিরুল ইসলাম মুন্না। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১৮তম বিজেএস ছিল তার জন্য পঞ্চম বিজেএস। শারীরিক অসুস্থতা এবং করোনা মহামারির কারণে একাডেমিক লাইফের কাছাকাছি সময়ের দুটি বিজেএস প্রস্তুতি ছাড়া দিয়েছিলেন, কিন্তু প্রিলিতেই আটকে যান। অনার্স-মাস্টার্স শেষ হওয়ার পর ১৬তম বিজেএস ছিল তার প্রস্তুতিসহ প্রথম বিজেএস। প্রিলি-রিটেন পার হওয়ার আনন্দ পেলেও শেষ হাসি হাসতে পারেননি। ১৭তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষাকে বলছিলেন তার জীবনের সেরা পরীক্ষা; তা সত্ত্বেও ১৭তম জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত হননি। এসব ঘাত-প্রতিঘাত পেরিয়ে ১৮তম বিজেএসে তার সফল যাত্রা।

বিজ্ঞাপন

শুরুর ঘাত-প্রতিঘাত ও আইনে আসা

বাস্তবতার অনেক ঘাত-প্রতিঘাত জীবনের প্রথম লগ্ন থেকেই পেরোতে হয়েছিল তাকে। স্কুলে পঞ্চম শ্রেণির পাট চুকিয়ে পারিবারিক অসচ্ছলতার কারণে গ্রামের মাদরাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন। তার ভাষায়, ‘আমি বলব, পড়াশোনা করতে পেরেছি, তাও অনেক।’ মাদরাসা থেকে দাখিল ও আলিম দুটোতেই জিপিএ ৫ অর্জন করেন। এর মধ্যে কলেজে পড়ুয়া এক মুখপরিচিত বন্ধুবর বললেন, ‘মাদরাসা থেকে জিপিএ ৫ পাওয়া কলেজ থেকে ৩.০০ পাওয়ার সমান।’ কথাটা নিতে না পারলেও তিনি একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। সিদ্ধান্ত নিলেন, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে বাকি পড়াশোনা চালিয়ে যাবেন, তা না হলে ইন্টারমিডিয়েটের পর দেশের বাইরে চলে যাবেন। তা আর হলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়ার স্বপ্ন ছিল, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম ফিলআপ করেননি। প্রয়োজনে সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও ঢাবিতে পড়বেন—এমন একটা প্ল্যান ছিল। এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে কোচিং করা সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফর্ম ফিলআপ করেননি। সেই স্বপ্নভঙ্গ হলো ২০১৪-১৫ সেশনের ভর্তি পরীক্ষার পর, যখন তৎকালীন ভিসি ঘোষণা দিলেন—‘এখন থেকে আর সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ থাকছে না।’ নিরুপায় হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আইনে ভর্তি হন।

আইনকে ভাবা হতো মানবিকের স্টুডেন্টদের জন্য বেস্ট সাবজেক্ট। মানবিকের ছাত্র ছিলেন বলে ‘পড়লে সেরাটাতেই পড়ব’—এই চিন্তা থেকে আইনে পড়তে আসা। অনার্সের শেষ একটি পরীক্ষা করোনা মহামারির কারণে অনুষ্ঠিত না হওয়ায় অনির্দিষ্টকালের যাত্রায় দীর্ঘ সময় থমকে ছিল সবকিছু। একটু ভীতু হওয়ায় পড়াশোনা না করলে মহামারির পরে বিপদে পড়বেন—এমন ভাবার সাহস হয়নি। অবশেষে লকডাউন শেষ হলে অনার্সের শেষ পরীক্ষাটি দিয়ে মুক্ত হন।

বিচারক হওয়ার স্বপ্ন ও উদ্দেশ্য

তার ইচ্ছা ছিল, আইনে যেহেতু পড়েছেন, বিচারকের আসনে বসবেন এবং পরে নিজেকে উচ্চ আদালতে বিচারপতি হিসেবে দেখবেন। অথবা আইন পেশায় নিযুক্ত থেকে ইতিহাসে নাম থাকে এমন আইনজীবী হবেন। সেই লক্ষ্যে অন্য কোনো চাকরির জন্য তিনি কখনো আবেদন করেননি। আল্লাহ মনের আশা একাংশে পূরণ করেছেন, বাকিটাও পূরণ করবেন বলে আশা করেন।

প্রিলির প্রস্তুতি

প্রস্তুতির ক্ষেত্রে আলাদা কোনো বই পড়েননি। প্রিলির জন্য বেয়ার অ্যাক্টকে প্রাধান্য দিয়ে এগিয়েছেন। তার মতে, প্রিলির জন্য খুঁটিনাটি-সহ বেয়ার অ্যাক্ট ভালো করে পড়লে যথেষ্ট। কেবল পারিবারিক আইনে কিছু টার্ম, সাংবিধানিক আইনে কিছু ডকট্রিন ও মামলা-সংক্রান্ত তথ্য, অন্যান্য আইনগুলোর ম্যাক্সিম/ডকট্রিন মাথায় রাখতে হবে। বাকি আইনগুলো মোটামুটি একই ধাঁচে পড়লে প্রিলি পাস করাটা কঠিন কিছু হবে না। আর জেনারেল সাবজেক্টগুলোয় সাধারণ জ্ঞান ছাড়া কোথাও তিনি অতটা দক্ষ ছিলেন না, তাই এ বিষয়ে সাজেশন দেওয়া সঠিক মনে করেন না।

লিখিত পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষার জন্য পূর্ববর্তী বছরগুলোয় আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বেশ কিছু প্যাটার্ন পেয়েছিলেন তিনি। কোন জোন থেকে প্রশ্ন আসে, কোন জোন থেকে বিকল্পভাবে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সাম্প্রতিক সময়গুলোতে প্রশ্নের ধরন বা সিলেকশনে কী পরিবর্তন এসেছে—তার আলোকে প্রস্তুতি নিয়েছিলেন। নিয়মিত কোর্ট প্র্যাকটিসে ছিলেন, তাই পরীক্ষার জন্য বেশি সময় দিতে পারতেন না। প্রতি ১০০ মার্কের জন্য তার বাজেট ছিল চার দিন। বড় সাবজেক্ট হলে ১০০ মার্কের জন্য ছয় দিন। পরীক্ষার দুমাস আগে থেকে কোর্ট অফ রাখতেন। ১৭তম জুডিশিয়ারির লিখিত পরীক্ষা ছিল তার জীবনের সেরা পরীক্ষা; তা সত্ত্বেও ১৭তম জুডিশিয়ারির ভাইভায় সুপারিশপ্রাপ্ত হননি।

ভাইভার প্রস্তুতি

ভাইভার প্রস্তুতির ক্ষেত্রে পড়াশোনার প্রস্তুতি আগের মতোই ছিল। তার পড়ার ধরনে একটা ভিন্ন মাত্রা ছিল। পড়ার সময় প্রিলির প্রশ্ন হয়, এমন টপিক বা ধারাকে ‘P’ দিয়ে, লিখিতের বিষয় হলে ‘W’ দিয়ে, ভাইভার বিষয় হলে ‘V’ দিয়ে চিহ্নিত করে রাখতেন। ফলে প্রতিবার রিভিশন দেওয়ার সময় প্রত্যেকটাকে তার জোনের হিসাবে রিভিশন হতো। এতে ভাইভার জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হতো না। পড়াশোনার বাইরেও ভাইভার জন্য নিজ জেলা, বিচারক হওয়ার ইচ্ছা, সিদ্ধান্তে অটল থাকার দৃঢ়তা, প্রভাবিত না হওয়ার বিষয়, প্র্যাকটিক্যাল নলেজ—এসব ধরনের কিছু বিষয়ে একটু ধারণা রাখতে হয় ।

জীবনের টার্নিং পয়েন্ট

তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে। পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত তার রোল নম্বর থাকত ৭/৮-এর মধ্যে। নবম শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুর একটি কথায় খুব খারাপ লেগেছিল। তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাকে আর ‘রোল ১’-এ থাকতে দেবেন না। তার পর থেকে নিয়মিত পড়াশোনা করলেন, নোট করে এগোতে থাকলেন। পরের বছর রোল ১-এ চলে আসে, একই সঙ্গে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পুরো প্রতিষ্ঠানের সব শ্রেণির সম্মিলিত মেধাতালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেন। সে বছর নিজের আত্মবিশ্বাস ও ডিসিপ্লিনের ওপর এমন একটা শিক্ষা পেলেন, যা আজও তার আত্মবিশ্বাসের জোগান দেয়। তিনি বুঝতে পারেন, কোনো লক্ষ্য নিয়ে গোছানোভাবে এগোলে তা অর্জিত হবেই। এ প্রসঙ্গে শাহরুখ খানের একটি ডায়ালগ প্রায়ই স্বগতোক্তি করেন—‘আগার কিসি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কী কোশিশ মেঁ লাগ জাতি হ্যায়।’

নতুনদের জন্য পরামর্শ

নতুনদের জন্য তার পরামর্শ—একটা জিনিস ছোট হলেও সময় দিয়ে পুরোটা বুঝে পড়া ও গুছিয়ে নোট করা এবং একই বই থেকে সবসময় পড়া উচিত। আইনে থাকা একটা শব্দও যদি অর্থহীন মনে হয়, তবে বুঝতে হবে ওই লাইনটি আপনি বুঝতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া আইনে সংশোধনী এলে সংশোধনীটা প্রিন্ট করে নিজের বইয়ে রাখতে হবে, তাও নতুন বই নেওয়া যাবে না; নতুন বই নিলে পিক্টোরিয়াল মেমোরি নষ্ট হয়ে যায়। আর পড়ার সময় সংশ্লিষ্ট টপিকে ‘আমি কিছুই জানি না; কিংবা আমি যা জানি, তা তুলনামূলকভাবে খুবই অল্প’—এই চিন্তা নিয়ে পড়া উচিত। তাহলে সহজে মনে রাখা যায় এবং দীর্ঘ সময় মনে রাখা যায়। আরেকটা বিষয়—হতাশ হওয়া যাবে না। আপনার জন্য কী নির্ধারিত আছে, সেটা আপনি জানেন না, সৃষ্টিকর্তা জানেন। তাই হাল ছাড়া যাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...