বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দীর্ঘদিনের। এসব দেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বহু শিক্ষাবিদ ও পেশাজীবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিশ্বজুড়ে গবেষণা এবং প্রযুক্তি ও শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার সুযোগও বিস্তৃত হচ্ছে। বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশের অগ্রগতি বাংলাদেশের শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার কথা ভাবতে উৎসাহিত করতে পারে।
বাংলাদেশের অর্থনীতির পরবর্তী পর্যায়ে উচ্চ মূল্য সংযোজনকারী শিল্প, প্রযুক্তিগত সক্ষমতা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদের গুরুত্ব বাড়বে। এ ক্ষেত্রে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। এসব দেশ উৎপাদনশিল্প, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ‘নেচার ইনডেক্স ২০২৬ রিসার্চ লিডার্স’ তালিকায় গবেষণায় অবদানের বিচারে চীনের প্রথম স্থান এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের শীর্ষ ২০-এ অবস্থান এশিয়ার গবেষণাসক্ষমতারই প্রতিফলন।
চীনের শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিকসে ওয়েস্টার্ন ইকোনমিকস বিষয়ে পিএইচডি গবেষণারত একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আমার অভিজ্ঞতা বলছে, এশিয়ার শিক্ষাব্যবস্থা ও অর্থনৈতিক বাস্তবতা কাছ থেকে জানার সুযোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। শ্রম অর্থনীতি, উৎপাদনশীলতা ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে পড়াশোনার পাশাপাশি চীনের ডিজিটাল লেনদেন, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনে অংশগ্রহণ নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।
বিশেষ করে আলিপে ও উইচ্যাট পের মতো ডিজিটাল লেনদেনব্যবস্থার দৈনন্দিন ব্যবহার প্রমাণ করে, প্রযুক্তি কীভাবে সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ বদলে দিতে পারে। একইভাবে চীনের গবেষণা ও শিল্পায়নের অভিজ্ঞতা বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে।
বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যেও এশিয়ামুখী উচ্চশিক্ষার আগ্রহ বাড়ছে। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছিলেন, প্রায় ২০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী চীনে অধ্যয়ন করছেন। তবে শুধু বৃত্তি বা কম খরচ বিবেচনা করে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা উচিত নয়; শিক্ষার মান, গবেষণার সুযোগ, শিক্ষকের যোগ্যতা, ভাষা, ডিগ্রির স্বীকৃতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বাংলাদেশের জন্য সামুদ্রিক বিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ব্যবস্থাপনা ও প্রযুক্তি গবেষণায় এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষায়িত সক্ষমতাও কাজে লাগতে পারে। উদাহরণ হিসেবে সামুদ্রিক বিজ্ঞান গবেষণায় শিয়ামেন বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক। তবে পশ্চিমের পরিবর্তে শুধু পূর্বকে প্রাধান্য দেওয়াও সমাধান নয়, প্রয়োজন উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি। বোস্টন, বার্লিন, সিউল, সিঙ্গাপুর কিংবা শিয়ামেন—যেখানেই শিক্ষার্থীর লক্ষ্য ও গবেষণার প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ পাওয়া যাবে, সেটিই বিবেচনায় নেওয়া উচিত।
শেষ পর্যন্ত বিদেশি ডিগ্রির সার্থকতা শুধু সনদ অর্জনে নয়; বরং অর্জিত জ্ঞান, দক্ষতা ও গবেষণার অভিজ্ঞতা দেশের উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক উন্নয়নে কতটা কাজে লাগানো যাচ্ছে, তার ওপর নির্ভর করে। বাংলাদেশের উচ্চশিক্ষার দৃষ্টিভঙ্গিতে তাই পশ্চিমের পাশাপাশি পূর্বকেও সমান গুরুত্ব দেওয়ার সময় এসেছে।
লেখকদ্বয় : শিক্ষার্থী, স্কুল অব ইকোনমিকস, শিয়ামেন
বিশ্ববিদ্যালয়, চীন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

