সাক্ষাৎকারে অধ্যাপক ড. মো. নূরুল মোমেন

শুধু সিজিপিএ নয়, কর্মজীবনে সফল হতে প্রয়োজন দক্ষতা

শুধু সিজিপিএ নয়, কর্মজীবনে সফল হতে প্রয়োজন দক্ষতা
অধ্যাপক ড. মো. নূরুল মোমেন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই একজন শিক্ষার্থীর সামনে খুলে যায় ভবিষ্যৎ গড়ার নানা পথ। কিন্তু কোন পথে এগোলে নিজের যোগ্যতা ও আগ্রহের সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। আমাদের দেশে বিসিএস, সরকারি চাকরি ও ব্যাংকের চাকরির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকলেও এর বাইরেও রয়েছে ক্যারিয়ার গড়ার অসংখ্য সুযোগ। গবেষণা, প্রযুক্তি, উদ্যোক্তা হওয়া কিংবা নতুন কোনো পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনাও দিন দিন বাড়ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের বিস্তারে বদলে যাচ্ছে কর্মক্ষেত্রের চাহিদা। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়জীবন থেকেই নিজের দক্ষতা চিহ্নিত করা, কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া এবং সময়োপযোগী প্রস্তুতি গ্রহণের গুরুত্ব বেড়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, চাকরিনির্ভর মানসিকতা, নতুন কর্মক্ষেত্র ও ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে কথা বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং ও ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল মোমেন।

বিজ্ঞাপন

প্রশ্ন : কখন থেকে এবং কীভাবে একজন শিক্ষার্থীর ক্যারিয়ার পরিকল্পনা শুরু করা উচিত?

উত্তর : বিশ্ববিদ্যালয়জীবন হলো একাডেমিক ও কারিকুলামভিত্তিক জ্ঞানের পাশাপাশি পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা অর্জনের শ্রেষ্ঠ সময়। বাংলাদেশের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকতে প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ার পরিকল্পনা শুরু করা উচিত। শুরুতে নিজের আগ্রহের জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এরপর স্নাতকজীবনের পুরো সময় ধাপে ধাপে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেকে ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।

প্রশ্ন : অনেকের কাছে ক্যারিয়ার মানেই বিসিএস, সরকারি চাকরি কিংবা ব্যাংকের চাকরি। এই চাকরিকেন্দ্রিক মানসিকতার পেছনে কী কী কারণ রয়েছে?

উত্তর : বাংলাদেশে বিসিএস বা সরকারি চাকরির প্রতি অতিরিক্ত ঝোঁকের মূল কারণ হলো চাকরির নিরাপত্তা। এর বাইরে চিন্তা করার প্রধান প্রতিবন্ধকতাগুলো হলো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে মূলধনের অভাব, ঝুঁকি নেওয়ার মানসিকতার ঘাটতি এবং বিকল্প পেশা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা ও প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব।

প্রশ্ন : একজন শিক্ষার্থী কীভাবে নিজের আগ্রহ, যোগ্যতা ও বিশেষ দক্ষতা চিহ্নিত করে সেই অনুযায়ী ক্যারিয়ার বেছে নিতে পারবেন?

উত্তর : শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাবের কার্যক্রম, স্বেচ্ছাসেবী কাজ, খণ্ডকালীন চাকরি এবং অনলাইন কোর্সের মাধ্যমে নিজেদের আগ্রহ ও বিশেষ দক্ষতা যাচাই করতে পারেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের সুযোগ রয়েছে। কোন কাজে আনন্দ পাওয়া যায় এবং কোনটি সহজে করা যায়, তা মূল্যায়ন করা জরুরি। এ ক্ষেত্রে পরিবারের উচিত সন্তানের ওপর নির্দিষ্ট পেশা চাপিয়ে না দিয়ে তার নিজস্ব পছন্দকে সমর্থন দেওয়া ও প্রয়োজনীয় সহায়তা করা। পাশাপাশি শিক্ষকদের উচিত শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা মূল্যায়ন করে সঠিক ক্যারিয়ার বেছে নিতে পরামর্শ দেওয়া।

প্রশ্ন : শুধু একাডেমিক ফলাফল ভালো হলেই কি কর্মজীবনে সফল হওয়া সম্ভব?

উত্তর : বাংলাদেশের বর্তমান করপোরেট ও বেসরকারি খাতে শুধু ভালো সিজিপিএ দিয়ে সফল হওয়া সম্ভব নয়। এটি শুধু প্রাথমিক বাছাইয়ে সাহায্য করে। কর্মক্ষেত্রে টিকে থাকতে ও উন্নতি করতে বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগের দক্ষতা, নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিক প্রযুক্তিগত জ্ঞান অপরিহার্য। এছাড়া স্নাতক পর্যায়ে ইন্টার্নশিপ বা খণ্ডকালীন কাজের বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষার্থীকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখে। ইন্টার্নশিপের সুযোগ প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে বর্তমানে ইউজিসি বাংলাদেশ ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবরেশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টিতে কাজ করছে।

প্রশ্ন : বিসিএস বা প্রচলিত চাকরির বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বর্তমানে কী কী সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্র রয়েছে?

উত্তর : বর্তমানে বাংলাদেশে প্রচলিত চাকরির বাইরেও বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের তরুণরা বিশ্ববাজারে সফলভাবে কাজ করছেন, যা অনেক সময় আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি। এছাড়া দেশীয় স্টার্টআপ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ছে। বহুজাতিক কোম্পানি, করপোরেট খাত, ডিজিটাল মার্কেটিং, গণমাধ্যম এবং উন্নয়ন সংস্থায় (এনজিও) দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিভিন্ন গবেষণা এবং উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। এসব বিষয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। কারিকুলামভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করা উচিত।

প্রশ্ন : আগামীতে কোন পেশাগুলোর চাহিদা বাড়বে এবং শিক্ষার্থীদের কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন?

উত্তর : কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের ফলে প্রচলিত অনেক রুটিনমাফিক কাজ কমে যাচ্ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট নতুন ধারার পেশার চাহিদা বাড়ছে। ভবিষ্যতে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং এবং সৃজনশীল কনটেন্ট তৈরির পেশাগুলোর চাহিদা থাকবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে এআই টুলের ব্যবহার, ডেটা বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা এবং সমস্যা সমাধানের মতো মানবিক ও কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতা পাঠ্যক্রমেও বাধ্যতামূলকভাবে যুক্ত করা উচিত।

প্রশ্ন : শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য কতটা প্রস্তুত করছে?

উত্তর : দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পাঠ্যক্রম অধিকাংশ ক্ষেত্রেই তাত্ত্বিক ও মুখস্থনির্ভর, যা আধুনিক শিল্প খাতের চাহিদার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে স্নাতক শেষ করেও শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশের জন্য যথেষ্ট প্রস্তুত হতে পারছেন না। এই পরিস্থিতি বদলাতে পাঠ্যক্রমে ব্যবহারিক ও গবেষণামূলক শিক্ষা বাড়ানো, শিল্প খাতের চাহিদা অনুযায়ী কারিকুলাম হালনাগাদ করা এবং প্রতিটি বিভাগে বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও কারিগরি প্রশিক্ষণ যুক্ত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ পেশাজীবনে যথাযথভাবে দায়িত্ব পালনে সহায়ক হবে।

প্রশ্ন : আগামী ১০ বছরে বাংলাদেশের চাকরির বাজার ও কর্মসংস্থানের সম্ভাবনা কেমন হতে পারে?

উত্তর : আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতের প্রসারের সঙ্গে সঙ্গে দক্ষ জনবলের চাহিদা বহুগুণ বাড়বে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব নীতিনির্ধারককে এ বিষয়ে এখনই প্রস্তুতি নিতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা ইতোমধ্যে অনেক পিছিয়ে পড়েছি। আমাদের মনে রাখতে হবে, সাধারণ ডিগ্রিধারীদের জন্য প্রতিযোগিতা আরো কঠিন হবে। বর্তমান শিক্ষার্থীদের প্রতি পরামর্শ হলো—শুধু একটি চাকরির আশায় বসে না থেকে নিজেকে বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ করুন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির বিপ্লবের এই যুগে পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করুন। ডিগ্রির পাশাপাশি উদ্ভাবনী ও সৃজনশীল কাজ করুন এবং বাস্তব সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করে নিজেকে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত রাখুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...