গণঅভ্যুত্থানে আহত ফয়সার শেখ হাসিনার বিচার চান

ঢাবি সংবাদদাতা

গণঅভ্যুত্থানে আহত ফয়সার শেখ হাসিনার বিচার চান

নিজ দেশে অধিকার আদায় করতে গিয়ে রাজপথে রক্ত ঝরেছে , শরীরের একটি অঙ্গ হারিয়েছি। বুলেটের সঙ্গে পায়ের রগ ও হাড় ছিঁড়ে গেছে- এর উত্তর কে দেবে? শেখ হাসিনা যা করেছে তার জন্য আমি তার ফাঁসি চাই। - পায়ে ক্ষত ও একহাতে ক্রেজ নিয়ে 'মার্চ ফর ইউনিটি' অনুষ্ঠানে আসা আহত ফয়সাল এমনটাই দাবি করেছেন।

মঙ্গলবার দুপুর তিনটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে ডাকা 'মার্চ ফর ইউনিটি' অনুষ্ঠানে জাতীয় পঙ্গু হাসপাতাল (নিটোর) থেকে তার মতোই কয়েকজন আহতের সঙ্গে আসেন ফয়সাল।

বিজ্ঞাপন

জানতে চাওয়া হলে এসময় তিনি আমার দেশকে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। ১৮ জুলাই যাত্রাবাড়ির কাজলা নামক এলাকায় আন্দোলন করার সময়ে পুলিশের গুলি পায়ে লাগে। এসময় বুলেটের সাথে ডান পায়ের হাঁটুর নিচের তিন ইঞ্চি হাড় ও রগগুলো ছিঁড়ে বের হয়ে যায়।

বরিশাল সিএমএইচ হাসপাতালে পাঁচটি অপারেশন করার পরে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি ছিলেন জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে আমি আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেয়ে চিকিৎসা করাচ্ছেন বলেও জানান তিনি।

পটুয়াখালীর এই সাহসী ফয়সাল যাত্রাবাড়িতে একটি কলেজে স্নাতক প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন