আ.লীগ নেতাদের হুমকিতে ঘরছাড়া জুলাই শহীদ রোমানের পরিবার

আ.লীগ নেতাদের হুমকিতে ঘরছাড়া জুলাই শহীদ রোমানের পরিবার
আমার দেশ গ্রাফিক্স

আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্যে হত্যার হুমকি-ধমকি ও হয়রানির ভয়ে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন জুলাই শহীদ রোমানের বাবা-মা। একই সঙ্গে ২০২৪ সালের ২১ আগস্ট দায়ের করা হত্যা মামলার দুই বছর পেরিয়ে গেলেও পুলিশ চার্জশিট দাখিল করেনি বলে অভিযোগ করেছেন রোমানের মা রোজিনা বেগম।

তিনি আমার দেশকে বলেন, বিএনপি সমর্থক হওয়ার জন্য স্বৈরশাসকের সেই ১৬ বছর ধরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছি আর এখন পালিয়ে বেড়াতে হচ্ছে আওয়ামী লীগ নেতাদের প্রকাশ্য হুমকি-ধমকি এবং হয়রানির ভয়ে। কেউ কেউ মামলার বাদীকে খুন করার ঘোষণা দিয়ে ভিডিও ছেড়ে দিচ্ছে প্রকাশ্যে। তিনি বলেন, আমি সরকারের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই। দুই বছর হয়ে গেল, এখনো মামলার চার্জশিট হয়নি। আমি চাই মামলাটি পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হোক।

বিজ্ঞাপন

বিজয় মিছিলে গুলিতে নিহত

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নেন দশম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল রোমান (১৭)। এ সময় মিছিলে গুলিবর্ষণ করা হলে অন্তত ১৫ জন আহত এবং রোমানসহ ছয়জন নিহত হন। রোমানের শরীরে ১৮টি ছররা গুলি লাগে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোমানের স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে যোগ দিয়ে পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করা। কিন্তু সে স্বপ্ন নিদারুণভাবে ভেঙে যায় বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগ সমর্থকদের গুলিতে।

রোমানের বাবা আনোয়ার হোসেন বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। যদি তার আত্মত্যাগে মানুষের মুক্তি এসে থাকে, তবে সেটাই আমাদের সান্ত্বনা। আমি তার হত্যার বিচার চাই।

১০৫ জনের বিরুদ্ধে মামলা

পরিবার সূত্র জানায়, ২০২৪ সালের ২১ আগস্ট রোমানের খালা রীনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চনপাড়ার জনকল্যাণ স্কুলের সামনে বিজয় মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাদীর নিরাপত্তাহীনতার অভিযোগ

রোমানের মা রোজিনা বেগম বলেন, মামলার বাদী তার বোন রীনা বেগম ঘর থেকে বের হতে পারছেন না। তাকে হত্যার হুমকি দিয়ে ভিডিও ছেড়েছেন চরপাড়া আওয়ামী লীগের নেতা শমসের আলী। এমনকি রীনা যে গার্মেন্টে কাজ করতেন, তার সামনে শমসের বাহিনীর লোকজন তাকে ধরার জন্য দাঁড়িয়ে থাকে। ফলে রীনা মামলার তারিখগুলোয় আদালতে যেতে পারছেন না। আমি চাই সরকার এ মামলা পরিচালনার জন্য যেন আমাকে দায়িত্ব দেয়।

তিনি আরো বলেন, আমি একজন শহীদের মা। আমি শুধু আমার ছেলের ন্যায়বিচার চাই। হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন