বহু শতকের প্রাচীন পাণ্ডুলিপির পাঠোদ্ধার, অনুবাদ ও সংরক্ষণে নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি INKSIGHT। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামি সভ্যতা মিডিয়া ফোরামে প্রযুক্তিটির সক্ষমতা তুলে ধরা হয়। প্রাচীন আরবি, ফারসি ও চাগাতাই ভাষার পাণ্ডুলিপি পাঠোদ্ধার এবং অনুবাদের ক্ষেত্রে এর ব্যবহার বিশেষ আগ্রহ তৈরি করেছে।
উজবেকিস্তানের বিভিন্ন গবেষণাগারে সংরক্ষিত বিপুলসংখ্যক প্রাচীন পাণ্ডুলিপির অনেকগুলোর লেখা সময়ের ব্যবধানে ম্লান, ক্ষয়প্রাপ্ত কিংবা অস্পষ্ট হয়ে গেছে। ফলে এসব নথি পাঠোদ্ধার ও অনুবাদ করা গবেষকদের জন্য বেশ সময়সাপেক্ষ। INKSIGHT কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এ ধরনের পাণ্ডুলিপির লেখা শনাক্ত, পাঠোদ্ধার এবং অনুবাদ করতে পারে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে পাঠের অনুপযোগী হয়ে থাকা ঐতিহাসিক নথি উদ্ধার ও ডিজিটাল সংরক্ষণের নতুন সুযোগ তৈরি হচ্ছে।
ফোরামের লাইভ প্রদর্শনীতে প্রযুক্তিটির কাজের গতি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। প্রদর্শনীতে দেখানো হয়, সাধারণত একজন গবেষকের যে পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও অনুবাদ করতে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে, INKSIGHT তা মাত্র ৯২ মিনিটে সম্পন্ন করেছে। এ সময় ১৩২ পৃষ্ঠার একটি প্রাচীন পাণ্ডুলিপি অনুবাদ করে সম্পাদনাযোগ্য ডিজিটাল টেক্সটে রূপান্তর করা হয়।
উজবেকিস্তানে সংরক্ষিত বিপুল পাণ্ডুলিপির মধ্যে রয়েছে মধ্য এশিয়ার ইতিহাস, বিজ্ঞান, দর্শন, সাহিত্য ও জ্ঞানচর্চার বহু গুরুত্বপূর্ণ দলিল। এসব পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও অনুবাদে দীর্ঘ সময় এবং বহু বিশেষজ্ঞের প্রয়োজন হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সেই প্রক্রিয়া দ্রুততর হলে গবেষণার পরিধিও বিস্তৃত হতে পারে। ফোরামে প্রযুক্তিটির প্রদর্শনীতে প্রাচীন নথি উদ্ধার ও ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সেগুলোকে ভবিষ্যৎ গবেষণার উপযোগী করে তোলার সম্ভাবনাও তুলে ধরা হয়। পরিকল্পনা অনুযায়ী, পাণ্ডুলিপিগুলোকে অনুসন্ধানযোগ্য ডিজিটাল তথ্যভান্ডারে রূপান্তর করা গেলে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকেরা সহজেই এসব ঐতিহাসিক নথি ব্যবহারের সুযোগ পাবেন।
সূত্র : The Peninsula (Qatar)
গ্রন্থনা : সিয়াম আন নুফাইস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

