এবারের অমর একুশে বইমেলায় কবি জিয়া হকের কিশোর কবিতার বই ‘দ্য কালচারাল হিরো’ প্রকাশিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি ও জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে লিখিত ৪৭ টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।
‘দ্য কালচারাল হিরো’ বইটি প্রকাশ করেছে ঐতিহ্য, স্টল : ৫৮১-৫৮৬। প্রচ্ছদ করেছেন ‘হাদির জিন্দাবাদ’ গানের জনপ্রিয় শিল্পী আবু উবায়দা। অলংকরণ আশরাফুল ইসলাম। বিনিময় মূল্য ২২০ টাকা।
কবি জিয়া হক বলেন, ‘দ্য কালচারাল হিরো’ বইটি মূলত শহিদ শরিফ ওসমান হাদিকে নিবেদিত কবিতা দিয়েই সাজানো। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয়ের প্রতিবাদে লিখিত কবিতাও রয়েছে। ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’, ‘কোটি হাদির ডাক’ ও ‘কালচারাল হিরো’র মতো ব্যাপক ভাইরাল সব কবিতা ও সংগীত স্থান পেয়েছে বইটিতে। আশা করি, ‘দ্য কালচারাল হিরো’ বইটি পাঠক সমাজে ব্যাপক আলোড়ন তুলবে। থাকবে সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে।’
জিয়া হক আরও বলেন, ‘শহিদ শরিফ ওসমান হাদিকে যারা ভালোবাসেন, যারা তার ন্যায়-ইনসাফকে দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত করতে চান তাদের কাছে বইটি নিঃসন্দেহে ভালো লাগবে। ‘হাদির জিন্দাবাদ’ ও ‘হাদি তুই ফিরে আয়’-এর মতো ‘দ্য কালচারাল হিরো’ও অবিশ্বাস্য সাড়া ফেলবে, ইনশাআল্লাহ।’
স্কুল গণ্ডি পেরোনোর আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ ও কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’। ২০২৩ সালে প্রকাশিত হয় ‘ঢেউ দোলানো নদীল মায়া’।
জিয়া হকের জন্ম মাদারীপুরের শিবচরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

