রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের একটি মিলনায়তনে সারবত্তার আয়েজনে কথাশিল্পী মনির বেলালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবের গল্পগ্রন্থ 'মৃত্যুকে মাড়িয়ে' পাঠোত্তর আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার এ অনুষ্ঠানে কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে আলোচক ছিলেন বিশিষ্ট কথাশিল্পী, অনুবাদক ও প্রাবন্ধিক নাজিব ওয়াদুদ, বাংলা উর্দু লিটারারি ফোরামের সাধারণ সম্পাদক, অনুকার সম্পাদক প্রফেসর ড. সামিউল ইসলাম, কবি ও গবেষক, নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক ড. ফজলুল হক তুহিন ও কবি ও কথাশিল্পী মঈন শেখ। গবেষক ও সারবত্তা সম্পাদক শাহাদাৎ সরকারের সঞ্চালনায় আরো আলোচনা রাখেন কবি এরফান আলী এনাফ ও কবি মাহায়ের ইসলাম।
আলোচকগণ বলেন, মনির বেলালের নিজের অভিজ্ঞতা থেকেই নির্মাণ করেন গল্পের আঙ্গিক। তার মৃত্যুকে মাড়িয়ে গ্রন্থটিতে ফ্যাসিবাদ সময়ের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। দক্ষ কথাশিল্পীর মতো জংলী ভাষাকে কান মলিয়ে বাগে নিতে তিনি ক্রমশ অভিজ্ঞ হয়ে উঠছেন। মশারি, ডামি, ভোট, ইত্যাদি উৎকৃষ্ট মানের গল্প তিনি এই গ্রন্থে আমাদের উপহার দিয়েছেন। গল্পগ্রন্থের শিরোনাম থেকে অনুমান করা যায় এগুলো বিশেষ ঘটনা প্রবাহের চিত্র।
তবে গল্পের বুননশৈলির কারণে গল্পগুলো গল্প হয়ে উঠেছে। মনির তার পূর্বের রাজধানীর রোদে গ্রন্থের গল্পগুলোর চেয়ে নিজেকে আরো সমৃদ্ধ করতে পেরেছেন মৃত্যুকে মাড়িয়ে গ্রন্থে। জুলাই বিপ্লবের উৎকৃষ্ট গল্পগুলোর তালিকায় থেকে যাবে তার এই গ্রন্থটি এমন প্রত্যাশা করেন আলোচকগণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সুইটি আক্তার, ফেরদৌস আলম, মোজাম্মেল হক আল মামুন, খুরশিদ আলম, আল আমিন, ডা. এ এস সুমন, গবেষক ও লেখক মীম মিজান, বাংলাদেশ তরুণ লেখক ফোরাম,রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি ইমরান লস্কর, আব্দুল লতিফ, বোরহান উদ্দিন প্রমূখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

