জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে ট্রেনটি বিকল হয়ে পড়েছে। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে চালক ও পরিচালকের (গার্ড) সময়োপযোগী তৎপরতায় এক ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা অতিক্রম করার পরপরই বিকট শব্দে একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ও বডি ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন। ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি ও এর যাত্রীরা অলৌকিকভাবে রক্ষা পান।
এই আকস্মিক দুর্ঘটনার কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হুট করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) জন্য খবর পাঠানো হয়েছে। খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে উদ্ধারকাজ শেষ করে কখন নাগাদ রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

