চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের মাঠে সোহাগ নামে এক কৃষকের ১৫ কাঠা জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিক্রির উপযোগী অসংখ্য লাউসহ পুরো ক্ষেতটিই নষ্ট হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ক্ষেতের লাউ তুলে বাজারে বিক্রি করে সারের বকেয়া টাকা পরিশোধ করার কথা ছিল সোহাগের। দেনা পরিশোধের পাশাপাশি ফসল বিক্রির টাকায় পরিবারের খরচ মেটানোর প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। তবে সকালে মাঠে গিয়ে সোহাগ দেখতে পান, তার ১৫ কাঠা জমির প্রায় সব লাউগাছ গোড়া থেকে কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে এবং ক্ষেত্রজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নষ্ট হওয়া লাউ। নিজের চোখের সামনে কষ্টের ফসল এভাবে ধ্বংস হতে দেখে নির্বাক হয়ে পড়েন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দেনদেনা ও কষ্টার্জিত অর্থে সারের টাকা জোগাড় করে সোহাগ অতি যত্নে এই লাউ ক্ষেতটি গড়ে তুলেছিলেন। দুর্বৃত্তদের এমন নির্মম কর্মকাণ্ডে মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জাহিদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। কৃষকের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। একটি ফসল ফলার পেছনে কৃষকের বিপুল শ্রম, অর্থ ও সময় জড়িত থাকে। ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ ও এলাকাবাসী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

