মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: আমার দেশ

মাগুরায় পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মাগুরা শহরের মোল্লাপাড়া বালে মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে হুজাইফা মোল্লাপাড়ার বাদাম বিক্রেতা ইমন বিশ্বাসের ছেলে এবং ইছা আলী একই এলাকার রাজমিস্ত্রি অন্তর বিশ্বাসের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই। তাদের পরিবার দুটি মোল্লাপাড়ার হারেজ মোল্লা ও রহিমা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।

মাগুরা সদর থানা এসআই হামিদুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা ফারুক মোল্লা জানান, সোমবার দুপুরে চার শিশু একসঙ্গে মোল্লাপাড়া এলাকার আয়নাল মোল্লার পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হুজাইফা ও ইছা আলী পানিতে তলিয়ে যায়। পরে বাকি দুই শিশু বাড়িতে ফিরে এসে হুজাইফা ও ইছা আলীকে খুঁজে না পাওয়ার কথা জানায়। খবর পেয়ে স্থানীয়রা পুকুর থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ওসি ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন