নাটোরে শিশির পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার জয়নগর পূর্বপাড়া মহল্লার জমশেদ আলীর ছেলে ভ্যানচালক সাব্বির হোসেন (২৩) এবং বড়হরিশপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের হাসান আলীর ছেলে ভ্যানযাত্রী সাঈদ হোসেন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী শিশির পরিবহনের একটি বাস বড়হরিশপুর বাইপাস এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়লে বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পরপরই বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করেছে পুলিশ। চালক ও হেলপারকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

