অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ‘ই–ওয়ান’ বসতি সম্প্রসারণ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএল)।
সংস্থাটি সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে হুমকির মুখে ফেলছে।
সম্প্রতি ‘ই–ওয়ান’ এলাকায় ১ হাজার ২৩৪টি বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে ইসরাইল। বৃহত্তর একটি পরিকল্পনার অংশ হিসেবে এসব বসতি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অধিকৃত পূর্ব জেরুজালেম ও মালে আদুমিমের মধ্যে একটি ধারাবাহিক ইসরাইলি বসতি করিডর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
মুসলিম ওয়ার্ল্ড লীগ ‘ই–ওয়ান’ প্রকল্পকে ‘বিপজ্জনক পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের ‘সব অবৈধ বসতি নীতির’ নিন্দা জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে। পাশাপাশি এগুলো সব ধরনের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
ইসরাইলের বসতি সম্প্রসারণ নীতি অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ।
সংস্থাটি বলেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ‘ভৌগোলিক ও জনমিতিক চরিত্র পরিবর্তনের’ লক্ষ্যে নেওয়া বসতি সম্প্রসারণসহ অন্যান্য পদক্ষেপও বন্ধ করতে হবে।
মুসলিম ওয়ার্ল্ড লীগ ফিলিস্তিনিদের একটি ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র’ প্রতিষ্ঠার অধিকারকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে।
সংস্থাটি বলেছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ন্যায়সংগত ও স্থায়ী আঞ্চলিক শান্তির ‘একমাত্র পথ’।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

