চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার হাজী পাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়েছেন শাহিদ হোসেন (৪৫) নামের এক ব্যাংকার। শনিবার সকাল পৌনে ৮টার দিকে হাজী পাড়ার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এবং নিহতের স্ত্রী শারমিন আক্তার।
নিহতের পরিবার ও স্বজনেরা জানান, সকালে নিজ বাসার ড্রয়িংরুমে শাহিদ হোসেন পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি চালান। গুলির বিকট শব্দে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
শারমিন আক্তার জানান, তার স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক ও পারিবারিক চাপে ছিলেন। কয়েক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ তাকে কক্সবাজার থেকে বদলি করলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই মূলত পারিবারিক অশান্তির সৃষ্টি হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় শাহিদ হোসেনকে চমেক হাসপাতালে আনা হলে দ্রুত জরুরি চিকিৎসা শুরু করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ঘটনার বিস্তারিত ও অস্ত্রের উৎসের বিষয়ে জানতে ডবলমুরিং থানার ওসি সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

