পটুয়াখালীর কলাপাড়ায় হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তাড়িকাটা দাখিল মাদরাসার সামনের সড়কে এ মানববন্ধন হয়।
আলোচিত হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ধুলাসার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকারকে আসামি করা হয়। এর প্রতিবাদে মানববন্ধনে এলাকাবাসী জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন খন্দকার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হারিচ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা হয়েছে।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে জসিম উদ্দিন আহত হারিচ আহমেদকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকেই হত্যা মামলায় জড়ানো দুঃখজনক ও অন্যায়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মামলা থেকে জসিম উদ্দিন খন্দকারের নাম প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
গত ১৯ জুলাই জমিসংক্রান্ত বিরোধের জেরে নয়াকাটা গ্রামের হারিচ আহমেদ ওরফে মজিবুরের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

