মুসলিম সভ্যতার স্বর্ণযুগ

বিশ্ব ইতিহাসের ‘টার্নিং পয়েন্ট’

ম্যাট হুইটেকার

বিশ্ব ইতিহাসের ‘টার্নিং পয়েন্ট’
আলজাজারির উদ্ভাবিত ময়ূর আকৃতির হাত ধোয়ার যন্ত্র ও মুসলিম সভ্যতায় উদ্ভাবিত কাগজ তৈরির পদ্ধতি

মুসলিম সভ্যতার স্বর্ণযুগ মানবসভ্যতার ইতিহাসে সুদূরপ্রসারী ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ সময়ে জ্ঞান-বিজ্ঞান, দর্শন, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে এমন সব মৌলিক ও সুগভীর অগ্রগতি হয়, যা পরবর্তী যুগের বৌদ্ধিক বিকাশের আমূল রূপান্তরে বৃহৎ ভূমিকা পালন করে।

আট থেকে চৌদ্দ শতক পর্যন্ত বিস্তৃত মুসলিম সভ্যতার স্বর্ণযুগ ছিল মানব ইতিহাসের অনন্য একটি সময়। তখন শিল্প-সাহিত্য, সভ্যতা সংস্কৃতি ও বিজ্ঞানের সমন্বিত বিকাশের ফলে যুগান্তকারী বুদ্ধিবৃত্তিক অগ্রগতি হয়। এ সময় মুসলিম বিদ্বানরা পূর্ববর্তী জ্ঞানের ভান্ডারকে শুধু সমৃদ্ধই করেননি, বরং নিজস্ব ও নতুন জ্ঞান, চিন্তা ও সাংস্কৃতিক কীর্তিও গড়ে তুলেছেন। তাদের এই সৃজনশীল সাধনা-পরবর্তী সময়ে ইউরোপিয়ান রেনেসাঁর ভীত রচনা করে দেয়।

বিজ্ঞাপন

মুসলিম সভ্যতার স্বর্ণযুগের বিকাশ : কারণ ও প্রেক্ষাপট

সপ্তম শতকে ইসলামের আবির্ভাবের মধ্যেই মুসলিম সভ্যতার স্বর্ণযুগের সূচনার ভিত্তি নিহিত। মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ ওহির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা পায়। বাণিজ্য ও পরিধি বিস্তারের ফলে মুসলিম সভ্যতা দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাওহিদের সরল ও সুস্পষ্ট আহ্বান মানবসমাজে গভীর প্রভাব ফেলে। এর পাশাপাশি গড়ে ওঠে নানা শিক্ষাকেন্দ্র, যেখানে গ্রিক, রোমান, পারসিক ও ভারতীয় উৎসের জ্ঞান সংরক্ষণ, অনুবাদ এবং চর্চা করা হয়। ভারত থেকে ইউরোপ পর্যন্ত ইসলামের বিস্তারের সঙ্গে সঙ্গে এসব প্রতিষ্ঠান ধীরে ধীরে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রধান কেন্দ্র হিসেবে বিকশিত হয়।

৭৫০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত আব্বাসী খেলাফত মুসলিম সভ্যতা স্বর্ণযুগের বিকাশে প্রধান পৃষ্ঠপোষকতা দেয়। রাজধানী বাগদাদে গড়ে ওঠা বাইতুল হিকমাহ (House of Wisdom) দ্রুতই অনুবাদ, গবেষণা ও জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে। সেখানে গ্রিক, সিরীয়, পারসিক ও ভারতীয় জ্ঞান আরবিতে অনূদিত হয়। একই সময়ে কর্ডোভা ও কায়রোতেও গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসাশাস্ত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে এবং প্রাচীন জ্ঞান সংরক্ষণ ও নতুন জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রাচীন জ্ঞানের উন্নয়ন ও নবায়ন

সেই যুগে মুসলিম পণ্ডিতদের সামনে ছিল বিস্তৃত ও বহুমাত্রিক জ্ঞানভান্ডার। ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ আলকানুন ফিততিব্ব রচনা করেন। এই গ্রন্থটি দীর্ঘদিন বিশ্বজুড়ে চিকিৎসাবিজ্ঞানের মানদণ্ড হিসেবে স্বীকৃত ছিল। অন্যদিকে আলফাজারি ও ইবনে তারিক ভারতীয় জ্ঞানের আলোকে জ্যোতির্বিজ্ঞানকে সমৃদ্ধ করেন এবং জ্যোতির্বৈজ্ঞানিক সারণি প্রণয়নে বিশেষ অবদান রাখেন।

তারা শুধু অনুকরণে সীমাবদ্ধ থাকেননি; বরং ভারতীয়, পারসিক ও গ্রিক জ্ঞানের উপাদানগুলো সমন্বিত করে একটি সুসংহত ও ব্যবহারিক জ্ঞানব্যবস্থা গড়ে তোলেন। এই সৃজনশীল সংমিশ্রণের ফলেই অ্যাস্ট্রোল্যাবের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রের উন্নয়ন ঘটে, যার মাধ্যমে সূর্য-নক্ষত্রের অবস্থান নির্ণয়, সময় গণনা এবং সমুদ্রযাত্রায় অক্ষাংশ নির্ধারণ সম্ভব হয়।

কাগজ উৎপাদনে বিপ্লব

মুসলিম সভ্যতার স্বর্ণযুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত অবদান ছিল কাগজ উৎপাদন প্রযুক্তির উন্নয়ন। এর আগে চীন ও মধ্য এশিয়ার জটিল ও সময়সাপেক্ষ পদ্ধতিতে কাগজ তৈরি করা হতো। ফলে কাগজ ছিল দুষ্প্রাপ্য ও ব্যয়বহুল। কিন্তু মুসলিম সভ্যতার স্বর্ণযুগের সূচনাকালেই লিনেন কাপড়ের টুকরা ও পানিচালিত কল ব্যবহারের মাধ্যমে কাগজ উৎপাদন প্রক্রিয়া দ্রুততর এবং সহজতর করা হয়। এর ফলে জ্ঞান সংরক্ষণ, অনুলিপি তৈরি ও জ্ঞানের বিস্তারের পথ বহুগুণে প্রসারিত হয় এবং সামগ্রিকভাবে বুদ্ধিবৃত্তিক বিকাশকে গতিশীল করে।

মুসলিম সভ্যতার স্বর্ণযুগের অনন্য অর্জন

মুসলিম সভ্যতা স্বর্ণযুগে পণ্ডিতরা শুধু প্রাচীন জ্ঞান সংরক্ষণ করেননি; তাদের মৌলিক আবিষ্কার ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। গণিতবিদ আলখাওয়ারিজমি বীজগণিতকে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে সরলরৈখিক ও দ্বিঘাত সমীকরণ সমাধানের পদ্ধতি প্রবর্তন করেন।

এ সময় প্রকৌশলেও বড় অগ্রগতি ঘটে। আলজাজারির উদ্ভাবিত ‘ক্র্যাঙ্কশ্যাফট’ কৃষিযন্ত্র থেকে আধুনিক গাড়ি পর্যন্ত ব্যবহৃত হচ্ছে। তিনি ‘হাতিঘড়ি’ নামে অভিনব জলঘড়িও নির্মাণ করেন। পাশাপাশি ‘অটোমাটা’ বা স্বয়ংক্রিয় যন্ত্রের উদ্ভাবন, যেমন স্বয়ংক্রিয় হাত ধোয়ার যন্ত্র, আধুনিক রোবোটিকসের প্রাথমিক ভিত্তি গড়ে দেয়।

জ্ঞানের বিস্তার কোথায় ও কীভাবে ঘটেছিল

মুসলিম সভ্যতার স্বর্ণযুগ ছিল এমন একসময়, যখন যোগাযোগব্যবস্থা সহজ হয়ে ওঠে। সিল্ক রোড ও কনস্টান্টিনোপলের মাধ্যমে মুসলিম পণ্ডিতদের জ্ঞান পূর্ব-পশ্চিমে ছড়িয়ে পড়ে, যদিও ইউরোপের অনেক অংশ তখনো পিছিয়ে ছিল। ক্রুসেডের সময়ে সংঘর্ষের মধ্যেও পূর্ব-পশ্চিমের যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ে। অষ্টম শতাব্দীর পর কাগজ সহজলভ্য হওয়ায় বই রচনা সস্তা হয় এবং জ্ঞান দ্রুত ছড়িয়ে পড়ে।

ইসলামের বিস্তার ও স্থিতিশীল শাসন বিভিন্ন সভ্যতার জ্ঞানকে একত্র করে আর বাণিজ্য ও কূটনৈতিক যোগাযোগ জ্ঞানের আদান-প্রদানকে সহজ করে তোলে।

মুসলিম সভ্যতার কাছে ইউরোপিয়ান রেনেসাঁর ঋণ

রোম ও পারস্যের মতো প্রাচীন সাম্রাজ্য এবং সভ্যতার পতনের পর যখন বিশ্বজুড়ে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও জ্ঞানতাত্ত্বিক অনিশ্চয়তা বিরাজ করছিল, তখনই মুসলিম সভ্যতার স্বর্ণযুগ মানবসভ্যতার জন্য যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রাচীন জ্ঞান শুধু সংরক্ষিতই হয়নি, বরং তা নতুনভাবে বিকাশ লাভ করে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত জ্ঞান মুসলিম পণ্ডিতদের হাতে নতুন রূপ পায় এবং পূর্ব ও পশ্চিমের মধ্যে জ্ঞানের সেতুবন্ধ গড়ে তোলে। এই ধারাবাহিক সংরক্ষণ ও সৃজনশীল বিকাশই পরবর্তীকালে ইউরোপীয় নবজাগরণের প্রেরণা হয়ে আধুনিক বিশ্বের বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

(দ্য কালেক্টর থেকে অনুবাদ : আহমাদ ফাহমি)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...