আম্মার কবর

শাহাবুদ্দীন নাগরী

আম্মার কবর

সন্তানের শিকড় ছিঁড়ে আম্মার নিঃশব্দ প্রস্থান,

মাথার ওপর থেকে সরে যায় আদরের ছায়া,

বিজ্ঞাপন

বাতাসে উড়ে আসে ফজরের মধুর আজান,

দুচোখে প্লাবন নামে গাঢ় হয় অমলিন মায়া।

কবর তৈরি করে খোদকেরা কোদালের কোপে,

লোবান পুড়ছে তার শয্যাপাশে, ব্যস্ত প্রহর,

কোরান পাঠের ধ্বনি, হাতে কেউ তসবিহ্ জপে,

কাফনের প্রস্তুতি, জানাজা হবে নামাজের পর।

আমার পায়ের নিচে মাটি কাঁপে, থেমে যায় ঘড়ি,

তৃষ্ণার্ত ঠোঁট নড়ে মৃদুস্বরে পড়ছি দোয়া ও দরুদ,

আম্মার শীতল হাত চেপে ধরি, প্রার্থনা করি

অন্ধকার কবর যেন ফুলের বাগান হয় আল্লাহ্ মাবুদ।

সেই থেকে কবরে তার জিয়ারতে যতবার আসি,

বেহেশতি ফুলের ঘ্রাণে মুগ্ধতার সৌরভে ভাসি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন