একজন শায়েখ ও আমি

একজন শায়েখ ও আমি

পড়ন্ত বিকেলে ম্যানহাটনের আকাশে রক্তিম আভার চাদর ঝুলছিল। আমি বিশ্ববিদ্যালয় অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসেছিলাম—একটি স্নাতকোত্তর সেমিনারের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমার তৎকালীন সঙ্গী, এম, একজন যুদ্ধবিষয়ক তথ্যচিত্র নির্মাতা, মাত্র কয়েক মিনিট আগেই বাগদাদ থেকে ফোন করেছিল। ‘সালার, মনে হচ্ছিল আমি আমার জীবনের শেষ সিগারেটটা খাচ্ছি।’

নিঃসন্দেহে এম বাহমান ব্র্যান্ডের সিগারেটই খাচ্ছিল। এই বিশেষ সিগারেটটা, বা দুটো, সে একটা গাছের আড়ালে, একটা খেজুর গাছের পেছনে খেয়েছিল, যখন একজন আইএসআইএস স্নাইপার পনেরো মিনিট ধরে তাকে নিয়ে খেলছিল। যখন একজন স্নাইপার আপনাকে শিকার করে, তখন পনেরো মিনিটও যেন এক জীবনকাল। স্থানটি বাগদাদের প্রায় পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জুরফুস সাখার, যেখানে শিয়া যোদ্ধারা মাত্র দুই দিনের তীব্র লড়াইয়ের পর এমন কিছু পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল, যা আমেরিকানরা তাদের সমস্ত প্রযুক্তি এবং উন্নততর অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও এক দশকেরও বেশি সময় ধরে পারেনি বা করতে চায়নি।

বিজ্ঞাপন

নিউ ইয়র্ক সিটির এক ডজন স্নাতকোত্তর ছাত্রছাত্রীর সঙ্গে এসবের কিছুই কি শেয়ার করা যায়? যায় না। যখন আপনি ক্লাসরুমে ঢোকেন আর আপনার ছাত্রছাত্রীরা অভিযোগ করে যে ডিপার্টমেন্টের প্রিন্টারটা দুদিন ধরে নষ্ট বা শহরের সাবওয়েতে খুব গরম, তখন আসলে পাল্টা বলার মতো কিছুই থাকে না; আপনি কাউকে এই জন্য দোষ দিতে পারেন না যে তারা এটা বোঝে না যে আপনি এইমাত্র এমন একটা জায়গা থেকে এসেছেন, যেখানে সবকিছু ভাঙাচোরা, যেখানে আপনার পছন্দের একটা সস্তা খাবারের দোকান এর মধ্যেই দুবার বোমা হামলায় উড়ে গেছে।

কেন আমি নিজেকে সেই বিধ্বস্ত জায়গায় পাঠাতে শুরু করলাম? কারণ আইএসআইএস ও তাদের সমর্থক শক্তিগুলোর বিরুদ্ধে এই নির্দিষ্ট যুদ্ধটিকে আমি ব্যক্তিগতভাবে নিয়েছিলাম।২০১৫-১৬ সালের শীতকালে কোনো এক সময়ে, আমি নিজেকে আবার ইরাকে আবিষ্কার করলাম, এম-এর সঙ্গে, আমাদের দুজনের হাতেই ক্যামেরা এবং আমরা দিয়ালা প্রদেশের সৈয়দ জাবের নামের এক শায়েখের পিছু নিয়েছিলাম।

তিনি সৈন্যদের সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছেন। লড়াই যত এগোতে থাকে, বেশ লম্বা সৈয়দ যোদ্ধাদের টেনে নিয়ে যান ও ধাক্কা দেন; তিনি উৎসাহ দেন এবং অনুনয় করেন। যুদ্ধের উত্তেজনার মাঝেও তার মধ্যে এক মৌলিক আবেগ, প্রায় শিশুসুলভ একনিষ্ঠতা রয়েছে। তিনি শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে চান। আমি তার সঙ্গে যত বেশি সময় কাটাতে লাগলাম, ততই বুঝতে পারলাম যে প্রায় সবকিছুর ক্ষেত্রেই এটাই ছিল তার দৃষ্টিভঙ্গি—সকালে ধর্মোপদেশ দেওয়া, গোত্রীয় বিবাদে মধ্যস্থতা করা, এমনকি শান্ত বিকেলে নাতি-পুতিদের সঙ্গে খেলা। তিনি ছিলেন অক্লান্ত ও অবিচল। তিনি ক্লান্তি স্বীকার করতেন না।

একদিন, বাইজির যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে—শহরটি তখন ধ্বংসস্তূপ আর বুলেটে ঝাঁঝরা কংক্রিটের স্তূপে পরিণত হয়েছিল, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল কেয়ামত দেখতে কেমন হতে পারে—আমি দেখলাম, সৈয়দ আমাদের সঙ্গে করে আনা ভাত আর মাংসের ঝোলের বিশাল হাঁড়িগুলো নাড়ছে। একই সঙ্গে সে যোদ্ধাদের ডেকে বলছিল, ‘শাবাব, শাবাব’, যুবকেরা, যুবকেরা, ‘এসো খেতে!’ সে এইমাত্র এক যুবককে সান্ত্বনা দিয়ে এসেছে, যে সম্প্রতি আইএসআইএসের হাতে তার তিন ভাইকে হারিয়েছে সেই মুহূর্তে, যখন এম ভিডিও করছিল আর আমি একপাশে দাঁড়িয়ে এক মাইলেরও কম দূরত্বে মর্টারের প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনছিলাম, তখন প্রশ্নটা মনে এলো: আমি কি এই মানুষটার জন্য নিজের গায়ে গুলি নেব?

আমি বলতে পারলে খুশি হতাম যে আমি সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম, ‘হ্যাঁ, আমি রাজি।’ কিন্তু আমি প্রশ্নটাকে ঝুলিয়ে রাখলাম, বিশ্রাম নিতে দিলাম। আমি জানতাম যে শিগগিরই আমি এটা নিয়ে আবার ভাবব। আমি এখানে শুধু এম-এর সঙ্গে আরেকটি তথ্যচিত্র বানাতে আসিনি। আমি এসেছিলাম নিজের সম্পর্কে কিছু জানতে এবং এমন একজন মানুষের সঙ্গে আমি কীভাবে সংযোগ স্থাপন করতে পারি, যিনি এইমাত্র যুদ্ধে তার তিন ভাইকে হারিয়েছেন। যদিও আমি এম-কে তার পেশার জন্য শ্রদ্ধা করতাম, তথ্যচিত্রের কাজ সম্পর্কে আমি এতটুকু জানতাম যে এর মধ্যে সুযোগসন্ধানের একটি উপাদান থাকে। স্নাইপার যে এম-কে খুঁজে বেড়াচ্ছিল, তা আমার সঙ্গীকে বিশেষভাবে সাহসী প্রমাণ করে না। সে সেখানে গিয়েছিল একটি চাঞ্চল্যকর খবরের জন্য। সৈয়দ এবং অন্যদের দিকে ক্যামেরা ঘোরানোটা আমার জন্য যথেষ্ট ছিল না। সেখানেই থেমে যাওয়াটা একজন লেখক হিসেবে আমার ব্যর্থতা হতো, নিজেকে ক্রমাগত প্রশ্ন করার লেখকসুলভ তাড়নার প্রতি আমার ব্যর্থতা হতো।

বাইজির ঘটনার কয়েক দিন পর আমরা আবার যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে, মাখুল পর্বতমালার কাছে ছিলাম। আমরা নিজেদেরকে সেইসব ঠুনকো পরিখার একটিতে আবিষ্কার করলাম, যেখানে নিজেকে ভীষণভাবে অরক্ষিত মনে হয়। চারপাশে ছিল বিশাল খোলা জায়গা, কিন্তু আমাদের সাহায্য করার মতো তেমন কোনো গোলাবারুদ ছিল না। আরো একবার কাছাকাছি মর্টারের গোলা এসে পড়ছিল, আর মাঝে মাঝে গুলির স্পষ্ট ‘ডিং’ শব্দ সাঁই করে পাশ দিয়ে চলে যাচ্ছিল।

বাঙ্কারগুলোর একটার ভেতরে একটা স্নাইপার রাইফেল ছিল। আমাদের মধ্যে একজন সেটা বের করে, হামাগুড়ি দিয়ে উঁচু জায়গাটায় উঠে গেল এবং দূরে শত্রুদের দিকে তাক করল। আমি আমার ক্যামেরায় ছবি তুললাম। অন্য লোকগুলো পালা করে স্নাইপার রাইফেলটা ওই উঁচু জায়গাটায় নিয়ে আসছিল, আর আমি ছবি তুলেই যাচ্ছিলাম। আগের সপ্তাহের মতোই, আমরা দক্ষিণ থেকে এই লোকগুলোর জন্য খাবার আর রসদ নিয়ে এসেছিলাম এবং তারা এর জন্য ভীষণ কৃতজ্ঞ ছিল। এক পর্যায়ে, একটা ছেলে—বড়জোর সতেরো বছর বয়স হবে—আমার কাছে এসে কোনো কথা না বলে আমার ট্যাকটিক্যাল প্যান্টের হাঁটুর পকেটে কিছু একটা গুঁজে দিল। সে হাসল, আমিও হাসলাম, কিন্তু যেহেতু আমরা ভিন্ন ভাষায় কথা বলতাম এবং পরিস্থিতি ছিল বিশৃঙ্খল, তাই তার এই অঙ্গভঙ্গিটা আমার মাথায় একটু পরে ঢোকে। সে আমাকে মোড়কসহ একজোড়া সস্তা দস্তানা দিয়েছিল। এই কিশোরের কাছে পৃথিবীতে নতুন বলতে শুধু এই দস্তানাটাই ছিল, এবং সম্ভবত তার মনে হয়েছিল, ধন্যবাদ হিসেবে উপহার দেওয়ার মতো। ওই অঞ্চলে শীতকালে রাতগুলো হাড়কাঁপানো ঠান্ডায় জমে যেত। আমার কাছে, নিজের নতুন দস্তানা অন্য কাউকে দিয়ে দেওয়াটা ভ্রাতৃত্ববোধের গভীরতম প্রকাশ। আমি এখনও জানি না ছেলেটা কে ছিল, বা সে এখনও বেঁচে আছে কি না; শুনেছি, দু সপ্তাহ পরেই ওই জায়গায় একটা বড়সড় হামলা হয়েছিল। আমার মনে আছে, আমি ভাবছিলাম: এই তো সেই লোক, যাকে তুমি রাতে পাশে চাইবে, যখন তোমার দুই ইঞ্চি সামনে থাকা নিজের জমে যাওয়া হাত দুটোও দেখতে পাবে না। এই তো সেই লোক, যাকে তুমি বিশ্বাস করতে পারো।

যোদ্ধারা যখন যুদ্ধের কথা সস্নেহে বলে, তখন মানুষ প্রায়ই অবাক হয়। কিন্তু আমি নিশ্চিত যে, তারা নস্টালজিয়ার সঙ্গে যুদ্ধটার দিকে ফিরে তাকায় না। এটা হলো সেই নিঃস্বার্থতা এবং প্রতিশ্রুতির অনুভূতির জন্য এক আকুতি, যা সাধারণ জীবনে খুব কমই, বা হয়তো কখনোই, অনুভব করা যায় না। এই অনুভূতি যে, যুদ্ধের মুহূর্তে আপনি যা করেন বা না করেন, তা লাভ-লোভের মাপকাঠিতে বিচার করা হয় না। এসব জিনিস হয়তো পরে আসতে পারে, কিন্তু সেগুলো কখনোই ঠিক সেই মুহূর্তে থাকে না, যখন আপনার এবং আপনার ভাইদের জীবন ক্ষুরধার ছুরির ডগায় ঝুলতে থাকে। এই সরলতা, এই স্বচ্ছতার কাছেই মানুষ পরে ফিরে যেতে চায়। সেই স্বচ্ছতা, যা আসে যখন আপনি কুড়ি কদম সামনে তাকিয়ে দেখেন যে সৈয়দ যোদ্ধাদের সঙ্গে কথা বলছে, যার মধ্যে সেই ছেলেটিও আছে যে আপনাকে একজোড়া নতুন দস্তানা উপহার দিয়েছিল। আপনার আরবি জ্ঞান অপর্যাপ্ত হলেও আপনি জানেন যে সৈয়দ লোকগুলোর স্বাস্থ্য ও কুশল জানতে চাইছে। এত দূর থেকে তা বোঝা যায় না, কিন্তু ধরে নিন যে, শোনার সময় তার ঘন ধূসর দাড়ির আড়ালে আংশিকভাবে ঢাকা বলিষ্ঠ চোয়ালটি দৃঢ়ভাবে স্থাপিত থাকে, এবং তার চোখে সেই সামান্য দুষ্টু, দৃঢ় দৃষ্টিটি ফুটে ওঠে, যা যেকোনো কর্তব্য পালনের সময় দেখা যায়। ইনি এমন একজন মানুষ, যিনি পৃথিবীর বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন। এটা তার নিজের পছন্দ। তার অস্তিত্বের কারণ।

এখন আপনি ঘুরে তাকান আপনার সঙ্গীকে এবং তার সর্বব্যাপী ক্যামেরাটিকে, সেই একই সঙ্গী যাকে আপনি কিছুদিন আগেই অন্য এক যুদ্ধে প্রায় হারিয়ে ফেলেছিলেন। আপনি ভাবেন তেহরানে থাকা আপনার পরিবারের কথা, যারা মাত্র ছয়শ মাইল দূরে। আপনি ভাবেন নিউ ইয়র্ক সিটিতে থাকা আপনার ছোট ছেলের কথা, আপনার লেখক জীবনের কথা, আপনার ছাত্রছাত্রীদের কথা, এবং সেই সঙ্গে এই দ্বৈত বাস্তবতার কথাও, যা কখনোই দূর হবে না এবং হয়তো একদিন আপনাকে পাগলও করে দেবে, যদি এর মধ্যেই না করে থাকে।

আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।

এটা বুঝতে কিছুটা সময় লেগেছে, কিন্তু আপনি এখন যতটা নিশ্চিত হওয়া সম্ভব, ততটাই নিশ্চিত। আপনি এখনও সতর্ক, কারণ আপনি আপনার মনে এই মানুষটিকে নিয়ে কোনো দেবতুল্য মূর্তি তৈরি করতে চান না। আপনি নিজেকে মনে করিয়ে দেন যে, তিনি এমন একজন ব্যক্তি, যিনি নিজের জন্য নির্ধারিত কাজটি করছেন এবং তা ভালোভাবে করছেন। খুবই ভালোভাবে। এবং তা সত্ত্বেও বা সেই কারণেই, উত্তরটি হলো হ্যাঁ: হ্যাঁ, আপনি এই মুহূর্তে, ঠিক এখানেই, এই ক্ষণে, কালো পাগড়ি পরা এই মানুষটির জন্য গুলি খেতেও প্রস্তুত, যিনি পৃথিবীর সংগ্রামে লিপ্ত অন্য মানুষদের সেবা করছেন।

মূল : সালার আবদুহ

বাংলা : শাহ মুহাম্মাদ মুহতারিম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন