ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার আশুলিয়া এলাকায় সর্বোচ্চ ৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া সাভার ও হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দুই প্লাটুন করে এবং মিরপুরে এক প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলার চন্দ্রা, মৌচাক, আমবাগ-কাটা, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় এক প্লাটুন করে বিজিবি রয়েছে।
নারায়ণগঞ্জে শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় এবং জালকুড়ি এলাকায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড় এবং কাঁচপুর সেতু ও শিমরাইল এলাকায় এক প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
এদিকে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। মাঠপর্যায়ের কার্যক্রমও নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ মোতায়েন ও তৎপরতা অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



