রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩টি এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) অভিযান পরিচালনা করে।

বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

বিজ্ঞাপন

ওয়াসা:

চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে নানাবিধ অনিয়ম ও অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে চট্টগ্রাম ওয়াসার হালিশহরস্থ স্যুয়ারেজ প্রকল্পের নির্মাণাধীন ট্রিটমেন্ট প্লান্ট সরেজমিন পরিদর্শন করা হয় এবং প্রকল্প পরিচালক কাছ থেকে নথিপত্র নেওয়া হয়।

এনফোর্সমেন্ট টিম পরিদর্শনকালে ট্রিটমেন্ট প্লান্টের দেয়ালে ফাটল দেখতে পায়। ফাটলের বিষয়টি স্বীকার করে প্রকল্প পরিচালক বলেন, ফাটলের বিষয়টি সমাধান করতে তারা কাজ করছে। এ ছাড়াও অভিযানকালে ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘ ১৫ বছর যাবত একই পদে দায়িত্বপালন, স্বজনপ্রীতি, ওয়াসার গুরুত্বপূর্ণ পদে গ্রেডেশন লিস্ট অনুসরণ ব্যতিরেকে পছন্দের কর্মকর্তাদের পদোন্নতি, অফিস নথি বিনষ্টকরণসহ অন্যান্য অভিযোগের উপর ওয়াসার বিভিন্ন বিভাগ হতে নথিপত্র সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়। ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পে ওয়াসার সাবেক এমডির একজন নিকটাত্মীয় কর্মরত রয়েছেন মর্মে তথ্য পায় দুদক টিম। নিয়োগ বিধি মোতাবেক হয়েছে কি না, তা যাচাই করা হবে।

রাজউক:

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক প্লট বরাদ্দ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -এ উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায় যে, Rajdhani Unnayan Kartipakkha (Allotment of Lands) Rules, 1969 এর সংশোধিত ধারা ১৩(১)(গ) -এর আওতায় অনেক নাগরিককে বিশেষ কোটায় পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে এ বরাদ্দ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে দুদক টিম।

পানি উন্নয়ন বোর্ড :

নীলফামারী জেলার সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ডের সেচনালা নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট টিম নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পানি উন্নয়ন বোর্ড, নীলফামারী কার্যালয় থেকে নথিপত্র সংগ্রহপূর্বক নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট সেচনালা সরেজমিনে পরিদর্শন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন