রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে আজ শুক্রবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেছে। ঢাকা থেকে গোপালগঞ্জ হয়ে বিভিন্ন রুটসহ সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পরিবহন মালিক সমিতি ও বিভিন্ন বাস কাউন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে গোপালগঞ্জে সড়ক অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে গত দুই দিন বাস চলাচল বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার বিকেল থেকে এসব রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য সময়ের মতো বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রেতাদের হাঁকডাক রয়েছে। যাত্রীও স্বাভাবিক দেখা গেছে; তবে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীর সংখ্যা আজ কিছুটা কম বলে জানান বাস কাউন্টারের কর্মচারীরা।
এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, সারা দেশে আমাদের সব জায়গায় গাড়ি চলাচল স্বাভাবিক ছিল। শুধু গোপালগঞ্জের কারণে দক্ষিণাঞ্চলের কয়েকটি রুটে আমাদের গাড়ি চলাচল বন্ধ ছিল। যেমন—পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বরিশাল অঞ্চলে যেসব পরিবহন পদ্মা সেতু ও মহাসড়ক ব্যবহার করে চলাচল করে, সেগুলো গোপালগঞ্জের রাস্তা অবরোধের কারণে যেতে পারেনি।
তিনি বলেন, এসব রুটে লকডাউনের সময় নিরাপত্তাজনিত কারণে দুই দিন গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে গত বুধবার বিকেল ৪টার পর থেকে আবার গাড়ি চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলো গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ পেরিয়ে খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা ও যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পৌঁছেছে। এখন আর কোনো সমস্যা নেই।
আহমেদ খোকন বলেন, গত দুই দিন সায়েদাবাদ ও ফুলবাড়িয়া থেকে যেসব বাস গোপালগঞ্জ হয়ে পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বরিশাল যায়, সেগুলো বন্ধ ছিল। তবে ওই বাস টার্মিনালগুলো থেকে অন্যান্য রুটের বাস চলাচল স্বাভাবিক ছিল।
গাবতলী বাস টার্মিনালে গিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনের কাউন্টার মাস্টারদের সঙ্গে কথা হয়। তারা জানান, এই টার্মিনাল থেকে যথাসময়েই বাস চলাচল করেছে এবং তাঁদের কোনো সমস্যার মুখে পড়তে হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


