এবার ঈদযাত্রায় সবচেয়ে ভিড় হবে ২৫ ও ২৬ মে

মাহফুজ সাদি

এবার ঈদযাত্রায় সবচেয়ে ভিড় হবে ২৫ ও ২৬ মে

এবার পবিত্র ঈদুল আজহার ছুটি সাতদিন হওয়ায় ঘরমুখো মানুষের ভিড় সবচেয়ে বেশি হবে আগামী ২৫ ও ২৬ মে। এ দুদিন বাস, ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিটের চাহিদা অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি। তবে সে ভিড় ঈদুল ফিতরের সময়ের চেয়ে তুলনামূলক কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবহন মালিক, টিকিট বিক্রয়কর্মী ও যাত্রীরা জানিয়েছেন, ঈদুল ফিতরের সময় আগেভাগেই ঘরমুখো মানুষ ঢাকা ছাড়তে শুরু করেন। বিশেষ করে পরিবারের সদস্যদের আগে বাড়ি পাঠিয়ে দেন অনেকেই। ঈদের পর আবার তারা আগেভাগেই ফিরতে শুরু করেন। তবে ঈদুল আজহায় তুলনামূলক ঈদের আগমুহূর্তে বাড়ি ফেরেন বেশিরভাগ ঘরমুখো মানুষ। কোরবানির কারণে তারা দেরিতে ফেরার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

ঈদুল আজহা উপলক্ষে সরকারি সাতদিনের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকলেও ২৪ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি সেবার সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন। ফলে সার্বিক বিবেচনায় এবারের ঈদযাত্রা ২৩ মে থেকে শুরু হলেও ২৫ ও ২৬ মে যাত্রীর চাপ বেশি হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

তবে অনেকেই বলছেন, এবার ঈদযাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি পাওয়ায় বাড়তি ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা। কারণ ঈদযাত্রায় এমনিতেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ থাকে। এবার তেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া যে হারে বাড়িয়ে সমন্বয় করা হয়েছে, তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। ঈদযাত্রা শুরু হলে বিষয়টি জটিলভাবে সামনে আসতে পারে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৮ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদের বিশেষ বাস সার্ভিস শুরু হবে ২১ মে থেকে। ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ২৩ মের টিকিট বিক্রি হয় ওইদিন আর লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল রোববার থেকে। এদিন ২৫ মের টিকিট বিক্রি হয়। সে হিসাবে বাসে ২১ মে থেকে, ট্রেনে ২৩ মে থেকে এবং লঞ্চে ২৫ মে থেকে ঈদযাত্রা শুরু হবে, ঈদের দিন পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে।

বিভিন্ন বাস ও লঞ্চ কোম্পানি অনলাইন ও কাউন্টারÑউভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করলেও ট্রেনের ক্ষেত্রে শতভাগ অনলাইন ও অ্যাপে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট মাধ্যমগুলোর তথ্যমতে, বাস, ট্রেন ও লঞ্চের ২৫ ও ২৬ মের অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ করা গেছে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন গত ১৫ মে বিক্রি করা হয় ২৫ মের টিকিট। ওইদিন টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে এক লাখ ৫৪ হাজার হিট করেন টিকিটপ্রত্যাশীরা। গড়ে ৯-১০ জন প্রতিটি টিকিটের জন্য চেষ্টা করেছেন। কিন্তু টিকিট মিলেছে মাত্র একজনের। পরদিন ১৬ মে বিক্রি করা হয় ২৬ মের টিকিট। ওইদিনও প্রথম আধঘণ্টায় ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে ওয়েবসাইট ও অ্যাপে হিট পড়ে প্রায় এক কোটি ২৭ লাখ। অর্থাৎ প্রতি টিকিটের জন্য গড়ে প্রায় ৭৮১ জন চেষ্টা করেন।

শ্যামলী এনআর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী জানান, সব রুটের অগ্রিম টিকিট অনলাইন ও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। তবে এবার ২৪ মে রাত, ২৫ মে সারাদিন ও ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ করছি। ফলে ওই সময়ে যাত্রীর ভিড় থাকবে সর্বোচ্চ।

হানিফ এন্টারপ্রাইজ গতকাল ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ঈদকালীন সড়ক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপের কারণে নির্ধারিত ওঠার স্থান পরিবর্তন করে অন্য কোথাও থেকে বাসে ওঠার চেষ্টা করলে যাত্রীরা নানা জটিলতায় পড়তে পারেন। বিগত বছরগুলোতে এমন পরিস্থিতিতে অনেক যাত্রী নির্ধারিত বাসে উঠতে ব্যর্থ হয়েছেন। নির্ধারিত কাউন্টারে উপস্থিত না থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় কর্তৃপক্ষ নেবে না।

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির মহাসচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এবার ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস ২৫, ২৬ ও ২৭ মে হবে। তবে ২৬ ও ২৭ মে যাত্রীর চাপ সবচেয়ে বেশি হতে পারে। যাত্রীর চাপের ওপর নির্ভর করে লঞ্চ বাড়ানো-কমানো হবে।

কয়েকজন যাত্রী জানান, অনলাইন ও অফলাইনে ২৫ মের অগ্রিম টিকিট না পেয়ে তারা বাধ্য হয়ে ২৬ মের টিকিট সংগ্রহ করেছেন। তবে এক্ষেত্রে তেলের মূল্যবৃদ্ধির পর সমন্বয় করে বাড়ানো নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিয়েছে বাস কোম্পানিগুলো। তবে ঈদযাত্রা শুরু হলে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি সবার সামনে দৃশ্যমান হবে।

এখনো অগ্রিম টিকিট সংগ্রহ না করা কয়েক যাত্রী বলেছেন, ঈদুল ফিতরের সময় মন্ত্রী-এমপিরা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, বরং নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়ার কথা বললেও বাস্তবের সঙ্গে তার কোনো মিল ছিল না। এবার তো তেলের মূল্যবৃদ্ধির পর ভাড়া বাড়িয়ে সরকার সমন্বয় করে নতুন ভাড়া নির্ধারণ করেছে। ফলে এবার নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে, যা ঈদযাত্রা শুরু হলে, অর্থাৎ ২৩ মে থেকে স্পষ্ট বোঝা যাবে।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন