২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৭ জুন। ওই দিন বিকেল তিনটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা প্রথম বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। ৭ জুন রোববার বিকেল তিনটা থেকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (২০২৬-২৭ অর্থবছরের বাজেট) অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
ওই দিন অধিবেশন বসার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কত দিন চলবে তা নির্ধারণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। নতুন সরকারের প্রথম অধিবেশনে ৯৪টি বিল পাশ হয়েছিল।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট ২০২৪ সালের জুন মাসে সর্বশেষ সংসদে পেশ করেছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপর ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়। এরপর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
এমপি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

