দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আট জেলার বন্যায় নিহত ৫৪ জনের বেশির ভাগই পাহাড়ধসে মারা গেছে।
মঙ্গলবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, বন্যায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশির ভাগই পাহাড়ধসে মারা গেছেন।
তিনি বলেন, ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা তাৎক্ষণিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি জেলায় অতিরিক্ত ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী আসাদুল হাবিব বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। উদ্ধারকাজের জন্য সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ডকে নিয়োজিত করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে স্পিডবোট ও রাবারের নৌকা পাঠানো হয়েছে, যাতে তারা উদ্ধারকাজ পরিচালনা করতে পারে।
তিনি বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেসব রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সড়ক ও জনপথ অধিদপ্তর অল্প সময়ের মধ্যে মেরামত করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সড়কগুলোও মেরামত করা হবে। আমাদের মন্ত্রণালয়ের আওতায় থাকা কাঁচা সড়কগুলো কাবিখা ও কাবিটা কর্মসূচির মাধ্যমে মেরামত করা হবে।
খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বন্যার ঘটনায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। তার নির্দেশনায় আমি আগামীকাল থেকে ব্যাপকভাবে দুর্গত এলাকাগুলো সফর করব। আজ আমি চট্টগ্রামে যাচ্ছি।’
এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসাইন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

