সার্বিয়ার ভিসা দেওয়ার নামে শত শত যুবকের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র: প্রবাসী কল্যাণমন্ত্রী

সার্বিয়ার ভিসা দেওয়ার নামে শত শত যুবকের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র: প্রবাসী কল্যাণমন্ত্রী
ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সার্বিয়া ভিসা দেওয়ার নামে শত শত যুবকের কাছ থেকে ৮ লাখ করে টাকা নিয়ে প্রতারণা করেছে কিছু ট্রাভেলস এজেন্সির নামে একটি চক্র।

তিনি বলেন, তাদের ভিসা যদি সঠিক ও ওয়ার্ক পারমিট থাকে, তাহলে তারা ক্লিয়ারেন্স পেয়ে যাবে। কিন্তু যদি সঠিক না হয়, তাহলে যারা এটা করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সার্বিয়া ম্যানপাওয়ারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেরাই ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির ব্যবসার সঙ্গে জড়িত। তারা আমাদের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। অথচ যাদের ভিসা হয়েছে, তাদেরকে বলা হয়েছে, আমরা বিএমইটি ছাড়পত্র দিচ্ছি না। এ বিষয়টি পুরো মিথ্যা। এসব বলে মন্ত্রণালয়ের সামনে আন্দোলনের জন্য হাজির করা হয়েছে। অথচ কাগজপত্র যাদের সঠিক আছে, তারা ভিসা পাচ্ছে।

এ সময় মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানো ইস্যুতে দেশের স্বার্থ রক্ষা করার কথা চিন্তা করতে হবে। ‘যেমন-তেমন’ কর্মী পাঠানো যাবে না। আমরা যে ম্যানপাওয়ার পাঠাব, সে মানুষের চাকরির নিশ্চয়তা, যে যাবে, সে কত টাকায় যাবে—সবকিছুর নিশ্চয়তা করে আমরা পাঠাব। আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ন্যাশনাল ইন্টারেস্টে আসুন, আমরা সবাই মিলে মূল জায়গাটা ধরি। আমাদের ল্যাপসও আছে। আমরা কবে নাগাদ পাঠাতে পারব, এই ইস্যুতে খালি একটু আপডেট নিয়ে নিই। আমরা তো সবকিছুই মোটামুটি আশা করছি, মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে যথাসম্ভব আমরা এই ইনপুট দিচ্ছি।

বেসরকারি রিক্রুটিং এজেন্সি ও চাহিদাপত্র যাচাই প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, যারা প্রাইভেট রিক্রুটিং এজেন্সি রয়েছে, তারা অনেকেই বিভিন্ন চাহিদাপত্র নিয়ে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। যেটা চলমান প্রক্রিয়ায় বৈধভাবে আসছে, প্রবাসী (হাইকমিশন) আমাদের যেটা আছে, এরা গিয়ে ভেরিফাই করে দেখছে।

বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো প্রসঙ্গে মন্ত্রীর ভাষ্য, অলমোস্ট তারা রেডি আছে। কিন্তু অলমোস্ট রেডি থাকলেও প্রাইভেটের মাধ্যমে আমি নিতে চাচ্ছি না। প্রাইভেট নিলে তো আমার নিয়ন্ত্রণ থাকবে না। আমরা বোয়েসেলের মাধ্যমে এর জন্য বারবার বলছি। ওরা বলছে, ৮ অক্টোবরের মধ্যে আমাদের বোয়েসেল অন্তর্ভুক্ত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন