প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ‘নজরুলবর্ষ’ (২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত) পালনের জন্য নানা কর্মসূচি নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, তা বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকারের উদ্যোগে জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুলবর্ষ’ পালনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণানুযায়ী সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নজরুল বর্ষ পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে নজরুলবর্ষ পালনের জন্য একটি কমিটি গঠন করা হবে। নজরুলবর্ষের লোগো ও পোস্টার তৈরি এবং ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এ ছাড়া স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে।
তিনি বলেন, নজরুলবর্ষের উদ্বোধন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪টি জেলা ও ৭৪টি প্রত্যন্ত বা বিশেষ উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে দেশের ৬৪টি জেলা এবং ৭৪টি উপজেলায় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নজরুলবর্ষ পালনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুলবর্ষের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে গবেষণার জন্যও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুলবর্ষ’ ঘোষণা করেন।
তিনি বলেন, “আজ আমি এখানে অনুষ্ঠান দেখার সময় একটি বিষয় নিয়ে চিন্তা করলাম। পরে মন্ত্রী, সচিব ও উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। আমি একটি প্রস্তাব রাখতে চাই যে, কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ হিসেবে পালিত করা হোক।”
তিনি আরও বলেন, ‘শুধু ঘোষণা দিয়েই থেমে থাকতে চাই না। আমি সংশ্লিষ্টদের বলেছি, আলোচনা করে এমন উদ্যোগ নিতে হবে, যাতে নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে আরও কার্যকরভাবে তুলে ধরা যায়। সে জন্য বাংলাদেশের প্রতিটি জেলায় আগামী এক বছর বিভিন্ন নজরুলবিষয়ক অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করতে হবে, যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নতুন প্রজন্ম যেন তাকে ভালোভাবে জানতে, বুঝতে এবং তার জীবন ও কর্ম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।’
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

