জাকাত ব্যবস্থাকে সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ বিষয়ে সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরাসরি জাকাত ফান্ড বিভাগ কাজ করে আসছে। ২০২৩ সালে জাকাত আইনও প্রণীত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে জাকাত ব্যবস্থার উন্নয়নে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির কার্যক্রম সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও শীর্ষ ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার উন্নয়নে কাজ করছে কমিটি। কমিটির সুপারিশের আলোকে জাকাত বোর্ড গঠন এবং দেশব্যাপী জাকাত বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনতে আধুনিকীকরণ ও সংস্কারের কাজ চলছে।
পাশাপাশি দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় জাকাত ফান্ডে জাকাত প্রদানের রশিদ আয়কর রিটার্নের সঙ্গে যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থা চালু রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


