স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, আপনারা জানেন দেশে একটি বিশেষ পরিস্থিতি যাচ্ছে। আমাদের স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থায় জনপ্রতিনিধিরা নেই। তাদের দায়িত্বগুলো বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা পালন করছেন। সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, আজকের ডিসি সম্মেলনে আমরা সেগুলো শুনেছি এবং এগুলো এড্রেস করেছি।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, সর্বশেষ জাতীয় ঐক্যমত কমিশনের মিটিংয়েও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা এখনো চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো সরকার নেয়নি। আশা করছি খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। হয় আমরা দ্রুতই জনপ্রতিনিধি নির্বাচন করবো, অন্যথায় প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সমস্যাগুলো সমাধান করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

