দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত তাণ্ডব, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ড. শহিদ আলম।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি সৈয়দ রুমা ও কবি সামাদ হোসেন।
সমাবেশের একপর্যায়ে কবি ও লেখকেরা কবিতা পাঠের মাধ্যমে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। অনুষ্ঠানে জাতীয়তাবাদী লেখক ফোরামের নেতাকর্মীসহ কবি, লেখক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



