বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবির সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে এডিবির নির্বাহী পরিচালক Satya Srinivas Lolla সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী । প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।
এডিবি নির্বাহী পরিচালকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান তিনি।
এডিবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের সাথে অংশীদারীত্ব জোরদার, এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে এডিবি কাজ করতে আগ্রহী বলে তিনি জানান তিনি।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মহা. এনামূল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

