সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অপরাধ, বিশেষ করে টার্গেট কিলিংয়ের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনায় বিশেষ অভিযান (স্পেশাল ড্রাইভ) শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
ব্রিফিংয়ে জানানো হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ঘটনা, বিশেষ করে টার্গেট কিলিংয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও সুসংহত করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
খুলনা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ৬ অক্টোবর রাত থেকে এ বিশেষ অভিযান শুরু করে। অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, দুষ্কৃতকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আদালতের পরোয়ানা তামিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
পুলিশের তথ্যমতে, স্পেশাল ড্রাইভের প্রথম দিনেই জেলার বিভিন্ন ইউনিটের অভিযানে মোট ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দৈনন্দিন জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও জেলা পুলিশের নজরদারি থাকবে।
এদিকে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে খুলনা জেলা পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

