সংসদে প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবা তেল রেশনিংয়ের বাইরে রাখা হয়েছে

সংসদ রিপোর্টার

পুলিশসহ জরুরি সেবা তেল রেশনিংয়ের বাইরে রাখা হয়েছে

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার জাতীয় সংসদকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার সার্ভিসসহ যারা আছে, তাদের উপর যে বিধি-নিষেধ ছিলো তা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও দুইদিন আগে সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি এ সমস্যা আর হওয়ার কথা না।

বিজ্ঞাপন

এর আগে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগির কথা উল্লেখ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, বাড়ি যাওয়ার পথে তাকে কে বা কারা হত্যা করে ফেলে রেখে দিয়েছে। আমি পুলিশকে কল দিয়েছিলাম, তারা বলছে আমাদের তেল সংকট আছে, তাই ডিউটির পরিমাণ কমে গেছে, এত রাত পর্যন্ত থাকার সুযোগ নেই।

পুলিশের তেল রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট সৃষ্টি হবে। এতে জনগণের নির্বিঘ্নে চলার সমস্যা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...