কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

কথায় নয়, কাজে বিশ্বাসী বর্তমান দুদক কমিশন: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি (অব.) এ কে এম আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে ইনভয়েস, ওভার ইনভয়েসের মাধ্যমে। তিনি আরও বলেন, বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছে, তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এসব বড় বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এ দেশের প্রায় ৯৫ শতাংশ মানি লন্ডারিং হয় ক্লিয়ারিং হাউসের মাধ্যমে। আর এটি হয়ে থাকে করপোরেট হাউস এবং ব্যাংকের মাধ্যমে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।

সভাপতির বক্তব্যে দুদক সচিব বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম ও সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন