ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
রোববার রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের উদ্দেশে পাঠানো একটি শুভেচ্ছাবার্তা রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির হাতে তুলে দেওয়া হয়।
শুভেচ্ছাবার্তায় জামায়াত আমির ওমানের সুলতানসহ দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ ও ওমানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
বার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতের সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ওমানে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদান তুলে ধরে দুই দেশের জনগণের মধ্যকার সৌহার্দ্য আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


