বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে জোরালো ভূমিকা রাখতে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার যুক্তরাজ্যবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসাইন।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে ঢাকা অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদার এবং বৃহৎ রপ্তানি বাজার হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাজ্যের সুদীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য ও সুশাসনের প্রশংসা করে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে পারস্পরিক সফর, সংসদীয় কমিটিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং কর্মকর্তা প্রশিক্ষণের মাধ্যমে সংসদীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় এপিপিজির উদ্যোগে জাতীয় সংসদে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় বন্ধুত্ব গ্রুপ’ গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকের শুরুতে ব্রিটিশ এমপি আফসানা বেগম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানান। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ পথে অপরিসীম জুলুম-নির্যাতন সহ্য করেও অবিচল সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য তারা রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ব্রিটিশ পার্লামেন্টের এপিপিজি সদস্যদের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ তাদের এই ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিক অভিনন্দন জানান। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালে অনুষ্ঠিত অবাধ ও জাতীয় সংসদ নির্বাচন দেশ ও বিদেশে সর্বমহলে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে।
রাষ্ট্রপতি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের আদলে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের পার্লামেন্টের জন্য একটি চমৎকার মডেল হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


