রাজধানীর কামরাঙ্গীচরে সিটি প্লাইউড তৈরি কারখানায় কাজ করার সময় বোর্ডের আঘাতে মো. মিরাজ (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারখানার সুপারভাইজার মো. আব্দুল মান্নান জানিয়েছেন, কামরাঙ্গীচর থানার পশ্চিম পাশে সিটি প্লাইউড নামক প্রতিষ্ঠানটিতে কাজ করত শ্রমিক মিরাজ। সেখানে মেশিনে কাজ করার সময় মেশিন থেকে বোর্ড বের হওয়ার সময় বোর্ডটিতে আঘাত পেয়ে সে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানান। ওই কারখানাতে ৭০/৮০ জন শ্রমিক কাজ করেন।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহজাহানের ছেলে মৃত মিরাজ। বর্তমানে সে কারখানার মেসে থাকত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

