দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে ১৫ ও ১৬ অক্টোবর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে। তবে সারা দেশে একযোগে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, শুক্রবার মৌসুমি বায়ু বিদায়ের মধ্য দিয়ে বর্ষা মৌসুমের অবসান হলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। দেশে মোট বৃষ্টিপাতের প্রায় ৭২ শতাংশ বর্ষাকালে, ৮ শতাংশ মার্চ-এপ্রিলে, ২ শতাংশ শীতকালে এবং বাকি ১৮ শতাংশ অন্যান্য সময়ে হয়ে থাকে। এ ছাড়া অক্টোবর-নভেম্বরে বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে তার প্রভাবেও বৃষ্টিপাত হতে পারে।
শনিবার সারা দেশে বৃষ্টি এবং তাপমাত্রা কম থাকায় আবহাওয়া ছিল বেশ স্বস্তিদায়ক। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ জুন টেকনাফ উপকূল দিয়ে চট্টগ্রামে প্রবেশের পর কয়েক দিনের মধ্যে সারা দেশে সক্রিয় হয়ে ওঠে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। প্রায় চার মাস সক্রিয় থাকার পর শুক্রবার এটি বিদায় নেয়।
মৌসুমি বায়ু বিদায়ের ফলে সাধারণত বৃষ্টিপাত কমে আসে, আকাশ পরিষ্কার হতে শুরু করে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। এতে ভ্যাপসা গরমের অস্বস্তি কিছুটা কমতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বাড়তে থাকে। অক্টোবরের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রাথমিক আমেজ অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসের দিক পরিবর্তিত হয়ে উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে। এতে তাপমাত্রা খুব বেশি না কমলেও আর্দ্রতা কমে অস্বস্তি কিছুটা হ্রাস পেতে পারে।
তবে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার অর্থ বৃষ্টির সম্পূর্ণ অবসান নয়। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়ার পরিবর্তনের দিকে বিশেষ নজর রাখার প্রয়োজনের কথা জানিয়েছে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


