স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষে প্রতিটি বিভাগকে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব। সবশেষে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

