সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গ্লোবাল লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বিশেষ আলোচনা হয়। চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড উক্ত কনটেইনার টার্মিনাল এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে টার্মিনালটির আধুনিকায়ন, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশে ফ্রি ট্রেড জোন (মুক্ত বাণিজ্য অঞ্চল) এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) স্থাপনসহ বিভিন্ন নতুন খাতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগের আগ্রহের কথা জানতে চান। জবাবে ডিপি ওয়ার্ল্ডের প্রতিনিধিদল এসব খাতে অংশীদারিত্ব ও বড় ধরনের বিনিয়োগের বিষয়ে তাদের সুনির্দিষ্ট আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


